ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 2 বার পঠিত

মানবাধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্রের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টের জন্য দুঃখ প্রকাশ করেছে ফ্রান্স। জাতিসংঘে ফ্রান্সের স্থায়ী মিশন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
সম্প্রতি জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ফলকার টুর্কের মেয়াদ বাড়ানোর বিষয়ে ভোট হয়। তার মেয়াদ বাড়ানোর বিপক্ষে রাশিয়া ও উত্তর কোরিয়াসহ কয়েকটি দেশ ভোট দেয়। তাদের সঙ্গে যোগ দেয় যুক্তরাষ্ট্রও।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে গত ২৫ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে যুক্তরাষ্ট্রের সমালোচনা করে পোস্ট দেয় জাতিসংঘে ফ্রান্সের মিশন। ওই পোস্টে মানবাধিকারের প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকার নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল।
পোস্টটি প্রকাশের পর দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়। এমনকি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি বৈঠকে ফ্রান্স বক্তব্য দেওয়ার সময় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা সভা থেকে বেরিয়ে যান।
বার্তা সংস্থা রয়টার্স বিভিন্ন সূত্রের বরাতে জানিয়েছে, ওই পোস্টের জেরে ওয়াশিংটনে ফ্রান্সের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত প্রার্থীর নিয়োগ আটকে দেওয়ার বিষয়টিও বিবেচনা করেছিল মার্কিন সরকার।
এরপর পরিস্থিতি সামাল দিতে দুঃখ প্রকাশ করেছে ফ্রান্স। জাতিসংঘে ফ্রান্সের স্থায়ী মিশন জানিয়েছে, ২৫ জুলাই এক্সে প্রকাশিত ওই বার্তার জন্য তারা দুঃখিত।
তবে একই সঙ্গে মিশনটি স্পষ্ট করেছে, মতপার্থক্যটি ছিল একটি নির্দিষ্ট ভোটকে কেন্দ্র করে। মানবাধিকার রক্ষার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফ্রান্সের মৌলিক কোনো বিরোধ বোঝানো তাদের উদ্দেশ্য ছিল না।
এ বিষয়ে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় নতুন করে কোনো মন্তব্য করেনি। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, তারা ফ্রান্সের বিবৃতিটি দেখেছেন এবং এর প্রশংসা করছেন।
ওই কর্মকর্তা আরও বলেন, অভিন্ন মূল্যবোধ ও স্বার্থ সমুন্নত রাখতে ফ্রান্সের সঙ্গে কাজ করার প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র।
এদিকে ফরাসি দৈনিক ল্য মোঁদ জানিয়েছে, ফ্রান্সের এই দুঃখ প্রকাশের ফলে ওয়াশিংটনে দেশটির মনোনীত পরবর্তী রাষ্ট্রদূত অরেলিয়েঁ লেশেভালিয়ের নিয়োগ অনুমোদনের পথ সহজ হতে পারে।
ফ্রান্স চলতি সেপ্টেম্বরের মধ্যেই তাকে ওয়াশিংটনে পাঠাতে চেয়েছিল। কিন্তু ২৫ জুলাইয়ের বিতর্কিত পোস্টের পর থেকে তার নিয়োগ-প্রক্রিয়া আর এগোয়নি।
সূত্র: ডয়েচে ভেলে
Posted ৬:০২ এএম | মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।