ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে যা বলল বিএনপি

  |   সোমবার, ০৯ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   174 বার পঠিত

মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে যা বলল বিএনপি

মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের নির্বাচন শুধু দেশের মধ্যেই প্রশ্নবিদ্ধ নয়, সারা বিশ্বে প্রশ্নবিদ্ধ। দেশের মানুষ যেভাবে একটা সুষ্ঠু নির্বাচন চায়, তেমনি বিশ্বও একটা সুষ্ঠু নির্বাচন চায়। দেশে কোনো নির্বাচনের পরিবেশ নেই। যেটা বলেছে ইউরোপীয় ইউনিয়ন। তারা বলেছে নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না। এখন মার্কিন এই প্রতিনিধিদল একই বিষয় নিয়ে কাজ করতে এসেছে।

আজ সোমবার (৯ অক্টোবর) মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে আমীর খসরু এ কথা বলেন।

এর আগে সকাল ১০টা ২০ মিনিটের দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় গুলশানে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে ছিলেন—স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মানবাধিকারবিষয়ক সম্পাদক অ্যাডভোকে আসাদুজ্জামন আসাদ।

মার্কিন প্রাক নির্বাচন পর্যবেক্ষক দলে এনডিআই প্রতিনিধি হিসেবে বৈঠকে অংশ নেন-রিক ইন্ডারফোর্থ, মারিয়া চিন আবদুল্লাহ ও মনপ্রীত সিং আনন্দ এবং আইআরআই প্রতিনিধি হিসেবে অংশ নেন, বনি গ্লিক, জামিল জাফর এবং জো কাও।

আমীর খসরু বলেন, ‘আমরা স্বাভাবিকভাবে বিএনপির পক্ষ থেকে বলেছি, শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এটার তো কোনো উন্নয়ন হয়নি, বরং আরও অবনতি হয়েছে। গত কয়েকটি নির্বাচন তারা ভোটাধিকার হরণ করেছে। এখন ভোট চুরির প্রকল্প আরও শক্তিশালী হয়েছে। দমন নিপীড়ন আরও বেড়েছে।’

বিএনপির এই নেতা বলেন, ‘ভোটচুরিকে তারা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে, বিচার বিভাগ, আইনশৃংঙখলা রক্ষা বাহিনী, লুটেরা, ব্যাবসায়ী মিলে একটি ভোট চুরির প্রজেক্ট করেছে। আবারও তারা ভোট চুরি প্রকল্পে কাজ করে যাচ্ছে। এগুলো থেকে মুক্তির একমাত্র উপায় একদফা দাবি। এই দাবি প্রতিষ্ঠা করে দেশের জনগণ তার জনপ্রতিনিধি নির্বাচিত করবে।’

এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, ‘এই সরকারের অধীনে নির্বাচন হলে দেশের জনগণ ভোট দিতে পারবে না। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বিশ্ব কি বলছে? এই সরকারের অধীনে যে আন্তর্জাতিক মানের সুষ্ঠু নির্বাচন হবে না। সে জন্যই তারা এই নির্বাচন প্রক্রিয়া নিয়ে কথা বলছে। আমরা বলেছি, তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন, তারা সেভাবে বলবে না। তারা বলছে, সুষ্ঠু নির্বাচন। যেটা নির্দলীয় নিরপেক্ষ সরকারকেই বোঝায়। এ কথা বিদেশিরা বলবে না, এ দাবি উঠছে দেশের জনগণের কাছে থেকে।’

তারা কিছু বলছে কি-না এমন প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, ‘তারাতো এসেছে পর্যবেক্ষণের জন্য। যেমন এসেছিল ইউরোপীয় ইউনিয়ন। তারা দেশের মানুষের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবে। পর্যবেক্ষক পাঠাবে কি-না।’ কোনো মতামত নিয়েছে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারা এ দেশের জনগণের মতামত নেবে। সিদ্ধান্ত নেবে।’

মার্কিন নির্বাচনী প্রতিনিধিদল কোনো কিছু বিশেষভাবে জানতে চেয়েছে কি-না এমন প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, ‘সব কিছুর বিষয়েই জানতে চেয়েছে তারা।’

Facebook Comments Box
বিষয় :

Posted ৮:৩০ এএম | সোমবার, ০৯ অক্টোবর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।