ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

মাদক পাচারের অভিযোগে লাইবেরিয়ার সাবেক ভাইস প্রেসিডেন্ট গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   16 বার পঠিত

মাদক পাচারের অভিযোগে লাইবেরিয়ার সাবেক ভাইস প্রেসিডেন্ট গ্রেপ্তার

আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে লাইবেরিয়ার সাবেক ভাইস প্রেসিডেন্ট জুয়েল হাওয়ার্ড-টেইলরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক পাচার, অবৈধ আমদানি, পরিবহন ও অর্থ পাচারসহ একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে।

বুধবার রাজধানী মনরোভিয়ার রবার্টস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশগামী একটি ফ্লাইটে ওঠার ঠিক আগে ৬৩ বছর বয়সী জুয়েলকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে দেশটির বিচার মন্ত্রণালয়।

সম্প্রতি প্রায় ৩১৭ মিলিয়ন ডলার মূল্যের বিশাল কোকেনের চালান উদ্ধারের ঘটনায় তদন্ত করতে গিয়ে জুয়েলের নাম সামনে আসে। লাইবেরিয়ার পুলিশপ্রধান গ্রিগরি কোলম্যানও তদন্তের সূত্রে সাবেক এই ভাইস প্রেসিডেন্টের সম্পৃক্ততার কথা উল্লেখ করেছেন।

তবে অভিযোগের বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো বক্তব্য দেননি জুয়েল। বিবিসির সঙ্গে যোগাযোগ করা হলে তার আইনজীবী জানান, আদালতে আনুষ্ঠানিকভাবে অভিযোগ উপস্থাপনের আগে তারা কোনো মন্তব্য করবেন না।

জুয়েল হাওয়ার্ড-টেইলর ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত সাবেক প্রেসিডেন্ট জর্জ উইয়ার অধীনে লাইবেরিয়ার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দেশটির সাবেক প্রেসিডেন্ট ও বিদ্রোহী নেতা চার্লস টেইলরের সাবেক স্ত্রী।

লাইবেরিয়ার পুলিশের অভিযোগ, জুয়েল অনুমোদনহীন নিয়ন্ত্রিত মাদক আমদানি, বিক্রি, পরিবহন ও অবৈধ পাচারের পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ডে প্ররোচনা ও সহায়তার সঙ্গে জড়িত ছিলেন।

এ মামলায় দুই ক্রোয়েশিয়ান ও একজন ইউক্রেনীয় নাগরিককেও তাদের অনুপস্থিতিতে অভিযুক্ত করা হয়েছে। তদন্তকারীদের দাবি, তারা একটি আন্তর্জাতিক মাদক পাচার নেটওয়ার্কের অংশ।

দেশটির আইনমন্ত্রী অসওয়াল্ড টুয়েহ জানিয়েছেন, পলাতক তিন বিদেশি নাগরিককে গ্রেপ্তারে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জুন ও জুলাইয়ে বড় দুটি অভিযানে বিপুল পরিমাণ কোকেন উদ্ধারের পর লাইবেরিয়ায় মাদক চোরাচালানবিরোধী অভিযান জোরদার করা হয়। জুলাইয়ের অভিযানে প্রায় চার টন কোকেন জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩১৭ মিলিয়ন ডলার। কর্তৃপক্ষের ধারণা, চালানটি ইউরোপে পাঠানোর প্রস্তুতি চলছিল।

সরকার জানিয়েছে, তদন্ত শুধু মাদক পরিবহনের সঙ্গে সরাসরি জড়িত ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। অর্থের জোগানদাতা, মূল পরিকল্পনাকারী এবং ক্ষমতার অপব্যবহার করে যারা অপরাধীদের সুরক্ষা দিয়েছে, তাদেরও আইনের আওতায় আনা হবে।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, কোনো পদই আইনের ঊর্ধ্বে নয় এবং রাজনৈতিক প্রভাব বা পরিচয় কাউকে আইনি জবাবদিহি থেকে রক্ষা করবে না।

সূত্র: বিবিসি

Facebook Comments Box

Posted ৭:৪৯ এএম | শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।