ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ভোক্তা অধিদপ্তর চালু করল ‘বাজারদর’ অ্যাপ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   300 বার পঠিত

ভোক্তা অধিদপ্তর চালু করল ‘বাজারদর’ অ্যাপ

নিত্যপণ্যের দৈনন্দিন দাম জানতে ‘বাজারদর’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অ্যাপটির মাধ্যমে শতাধিক পণ্যের দাম প্রতিদিন হালনাগাদ করে ব্যবহারকারীদের সহজে জানানো হবে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এ সংক্রান্ত প্রচারণায় ভিডিও বার্তায় অধিদপ্তরের সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মণ্ডল বলেন, ‘প্রতিদিন বাজারে গিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঠিক দাম জানার ক্ষেত্রে যদি দ্বিধা থাকে, তা আর থাকবে না। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এনেছে ‘বাজারদর’ অ্যাপ। গুগল প্লে-স্টোর থেকে এটি ডাউনলোড করে প্রতিদিনের বাজারদর জানতে পারবেন এবং সচেতন হবেন।’

অ্যাপে ‘খাদ্যসামগ্রী’ ও ‘অন্যান্য’ নামে দুটি বিভাগ রয়েছে। ‘খাদ্যসামগ্রী’ বিভাগে চাল, আটা/ময়দা, ভোজ্যতেল, চিনি, লবণ, ডাল, আলু, মসলা, মাছ ও মাংস, দুধ, ডিম, শাকসবজি এবং ফলের দাম প্রতিদিন হালনাগাদ করা হবে। চালের ক্ষেত্রে পাঁচটি ধরন—সরু (নাজির/মিনিকেট), মাঝারি (পাইজাম/আটাশ), মোটা (স্বর্ণা/চায়না ইরি), সুগন্ধি ও কাটারিভোগ—প্রতিদিনের দাম জানা যাবে। আটা/ময়দা ও চিনি-লবণের জন্য খোলা এবং প্যাকেটজাত আলাদা দাম দেওয়া হয়েছে। ডালের মধ্যে মশুর, মুগ এবং এ্যাংকর ডালের বিভিন্ন ধরনের দাম এখানে হালনাগাদ করা হবে।

আলুর ক্ষেত্রে ডায়মন্ড, লাল, হল্যান্ড ও মিষ্টি আলুর দাম পাওয়া যাবে। মসলার মধ্যে দেশি পেঁয়াজ, রসুন, মরিচ, হলুদ, আদা, জিরা, দারুচিনি, লবঙ্গ, এলাচ, ধনিয়া ও তেজপাতার দাম প্রতিদিন হালনাগাদ থাকবে। মাছ ও মাংসের মধ্যে রুই, কাতল, চিতল, বোয়াল, আইড়, ইলিশ, চিংড়ি, মাগুর, কই, টেংরা, মুরগী, হাঁস, কবুতর, কোয়েলসহ বিভিন্ন ধরনের মাছ ও পাখির দাম জানা যাবে।

দুধ, ডিম এবং শাক-সবজি ও ফলের ক্ষেত্রেও প্রতিদিনের দাম আপডেট করা হয়। শাকের মধ্যে পুঁইশাক, লালশাক, পালং, কচু শাক, বেগুন, পটল, টমেটো, লাউ, করলা, গাজর, ঢেড়স, লেবু, ধনিয়া পাতা, শশা, কচুর মুখি ইত্যাদির দাম এবং ফলের মধ্যে পেয়ারা, কাঁঠাল, আনারস, জাম্বুরা, আম, আপেল, কমলা, ড্রাগন ফল, কলা, আঙ্গুর সহ বিভিন্ন ফলের দাম জানা যাবে।

‘অন্যান্য’ বিভাগে জ্বালানি পণ্যের দাম হালনাগাদ করা হয়। এখানে ১২ কেজি, ৩০ কেজি ও অন্যান্য ওজনের এলপিজি গ্যাস, ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম জানা যাবে।

অ্যাপটি ব্যবহার করতে গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড ও ইনস্টল করে ব্যবহারকারীর বিভাগ ও জেলা নিবন্ধন করতে হবে। এরপর ‘খাদ্যসামগ্রী’ বা ‘অন্যান্য’ অপশন থেকে নির্দিষ্ট পণ্য নির্বাচন করে প্রতিদিনের দাম জানা যাবে। অ্যাপটি অ্যান্ড্রয়েড ফোনে চলবে এবং অফলাইনে ব্যবহারের সুবিধাও রয়েছে।

Facebook Comments Box

Posted ৬:১৮ এএম | শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।