নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 7 বার পঠিত

সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, সুস্থ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে তরুণ প্রজন্মকে সৃজনশীল কাজে ফিরিয়ে আনতে হবে। একজন ভালো মানের শিল্পী কখনো অন্যায় কাজে জড়াতে পারেন না।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে হবিগঞ্জ শিল্পকলা একাডেমিতে তিন দিনব্যাপী চারুকলা প্রদর্শনী, কর্মশালা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ‘সংস্কৃতি আমাদের জাতীয় অর্থনীতির সঙ্গে জড়িত। চিত্রশিল্পীদের আঁকা ছবির ভালো বাজার রয়েছে। তবে মানুষ আনন্দ ও সৃজনশীলতার জন্যও ছবি আঁকে।’
তিনি বলেন, ‘আমাদের সুস্থ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে ছেলে-মেয়েদের ফিরিয়ে আনতে হবে। লেখাপড়ার পাশাপাশি তাদের সাংস্কৃতিক বিকাশ ঘটাতে হবে। একজন ভালো মানের শিল্পী কখনো অন্যায় কাজে জড়াতে পারেন না।’
দেশে সারা বছর সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দিয়ে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, আগামী শীত মৌসুমে সারা দেশে সাংস্কৃতিক উৎসব আয়োজন করা হবে। এসব উৎসবে আবহমান গ্রামবাংলার বিভিন্ন ধরনের সংস্কৃতি তুলে ধরা হবে।
এ জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।
হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জিএম সরফরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার প্রভাস কুমার সিংহ, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ জাহানারা বেগম, জেলা জাসাসের সভাপতি মিজানুর রহমান চৌধুরী ও চিত্রশিল্পী অভিজিত চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত। এ সময় হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মঈনুল হক, জেলা সাহিত্য পরিষদের সভাপতি তাহমিনা বেগম গিনি, চিত্রশিল্পীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। এরপর তিনি শিল্পীদের আঁকা চিত্রকর্মের প্রদর্শনী পরিদর্শন করেন।
Posted ১১:১১ এএম | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।