জাতীয় ডেস্ক | সোমবার, ২০ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 2 বার পঠিত

সারাদেশে মোটরসাইকেলের ‘ফুয়েল পাস’ চালুর অংশ হিসেবে আরও ১৯ জেলায় নিবন্ধন কার্যক্রম চালু করার কথা জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। আজ সোমবার মন্ত্রণালয়ের ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পর্যায়ক্রমে দেশের সব জেলায় ফুয়েল পাস নিবন্ধন চালু করা হবে।
নতুন তালিকায় যুক্ত হয়েছে- গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, বরগুনা, ভোলা, ঝালকাঠি, হবিগঞ্জ, মৌলভীবাজার, দিনাজপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম।
জ্বালানি মন্ত্রণালয়ের ফেসবুক পোস্টে বলা হয়, দেশব্যাপী ফুয়েল পাস সিস্টেম বাস্তবায়নের অংশ হিসেবে সোমবার থেকে এসব জেলায় নিবন্ধন কার্যক্রম চালু করা হয়েছে। ব্যবহারকারীদের মতামত, অভিযোগ ও পরামর্শ দেওয়ার জন্য ফুয়েল পাসের অফিশিয়াল ফেসবুক গ্রুপে যুক্ত হতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা আনা, নজরদারি বাড়ানো এবং বিতরণ আরও স্বচ্ছ করার কথা বলে সরকার ফুয়েল পাস ব্যবস্থা চালু করে।
এর আগে ১৮ এপ্রিল মন্ত্রণালয়ের আরেক পোস্টে বলা হয়, ‘ফুয়েল পাস বিডি অ্যাপের’ পাইলট কার্যক্রম বাড়াতে ঢাকার বাইরে কয়েকটি জেলা ও মেট্রোপলিটন এলাকার নিবন্ধিত মোটরসাইকেলকে এই ব্যবস্থার আওতায় আনা হচ্ছে। একই সঙ্গে ঢাকা জেলায় আরও ১৮টি পেট্রোল পাম্পে পাইলটিং কার্যক্রম সম্প্রসারণের কথাও জানানো হয়।
ফুয়েল পাসের ওয়েবসাইটে বলা হয়েছে, কিউআর কোডভিত্তিক পরিচয় ও নিয়ন্ত্রিত বিতরণের মাধ্যমে জ্বালানি বিক্রিতে শৃঙ্খলা ও স্বচ্ছতা আনার লক্ষ্যেই এটি চালু করা হয়েছে। তবে ওয়েবসাইটে এটিও উল্লেখ আছে, এটি এখনো পাইলট বা পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।
মোবাইল অ্যাপভিত্তিক এই ব্যবস্থা প্রথমে পরীক্ষামূলকভাবে ৯ এপ্রিল ঢাকার তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন ও আসাদগেটের সোনারবাংলা ফিলিং স্টেশনে চালু করা হয়। প্রথম ধাপে শুধু মোটরসাইকেলচালকদের জন্য এই সেবা খোলা রাখা হয়েছিল।
সম্প্রতি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর দেশে পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, তেল না পাওয়া, কোথাও কোথাও বিশৃঙ্খলা এবং কৃত্রিম সংকটের অভিযোগ সামনে আসে। এই অবস্থায় বিক্রি ও বিতরণে নিয়ন্ত্রণ, নজরদারি ও শৃঙ্খলা আনতে ডিজিটাল ব্যবস্থার পথে যায় সরকার।
Posted ১১:২৮ এএম | সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।