ডেস্ক রিপোর্ট | রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 4 বার পঠিত

ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় প্রেমিকাকে গলা কেটে হত্যার পর মরদেহ বস্তাবন্দি করে পাহাড়ে ফেলার চেষ্টা করেছেন এক যুবক। তবে মোটরসাইকেলে মরদেহ নিয়ে যাওয়ার সময় বস্তা থেকে রক্ত চুইয়ে পড়ায় নাকা চেকিংয়ে পুলিশের সন্দেহ হয়। পরে বস্তা খুলে ১৯ বছর বয়সী তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে পুরুলিয়ার বলরামপুর থানার বিদ্যুৎ বিভাগের অফিসের কাছে নাকা চেকিংয়ের সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই যুবক মোটরসাইকেলে একটি বস্তা নিয়ে যাচ্ছিলেন। বস্তাটি দেখে পুলিশের সন্দেহ হলে তল্লাশি চালানো হয়। এ সময় বস্তা থেকে রক্ত বের হতে দেখা যায়। পরে বস্তা খুলতেই বেরিয়ে আসে তরুণীর মরদেহ।
পুলিশের প্রাথমিক অনুমান, তরুণীকে কোনো নির্জন স্থানে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করা হয়। এরপর মরদেহটি অযোধ্যা পাহাড়ে ফেলে দেওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলে করে নিয়ে যাচ্ছিলেন অভিযুক্ত।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন ওই যুবক। রোববার তাঁকে আদালতে হাজির করা হচ্ছে।
নিহত তরুণীর বাড়ি পুরুলিয়ার বাঘমুণ্ডি থানা এলাকায়। অভিযুক্ত যুবকের বাড়িও একই এলাকায়। নার্সিং পড়াশোনার জন্য তরুণী পুরুলিয়া শহরের একটি মেসে থাকতেন। আর অভিযুক্তও চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য শহরের একটি মেসে থাকতেন।
নিহতের পরিচিতদের দাবি, ওই যুবকের সঙ্গে তরুণীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। তাঁরা একই কোচিংয়ে পড়াশোনাও করতেন। সম্প্রতি তরুণীর সঙ্গে অন্য কারও সম্পর্ক রয়েছে—এমন সন্দেহ তৈরি হয় অভিযুক্তের মধ্যে। এ নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই বচসা হতো বলে অভিযোগ।
পুলিশের প্রাথমিক ধারণা, সেই বিরোধের জেরেই শনিবার তরুণীকে নির্জন স্থানে ডেকে নিয়ে হত্যা করা হয়। এরপর মরদেহ বস্তায় ভরে অযোধ্যা পাহাড়ের দিকে নিয়ে যাওয়ার সময় নাকা চেকিংয়ে ধরা পড়েন অভিযুক্ত।
পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১টার দিকে মেস থেকে কোচিংয়ে যাওয়ার জন্য বেরিয়েছিলেন তরুণী। এরপর তাঁর সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। প্রতিদিন সন্ধ্যায় মায়ের সঙ্গে ফোনে কথা বললেও সেদিন ফোন না আসায় পরিবারের সদস্যরা যোগাযোগের চেষ্টা করেন। তবে তাঁর মোবাইল বন্ধ পাওয়া যায়।
পরে মেসের মালিকের সঙ্গে যোগাযোগ করে খোঁজাখুঁজি শুরু করে পরিবার। একই সঙ্গে থানায় নিখোঁজের ডায়েরিও করা হয়। এর কয়েক ঘণ্টা পর গভীর রাতে ওই যুবককে আটক করে পুলিশ। তাঁর মোটরসাইকেল থেকে উদ্ধার করা হয় বস্তাবন্দি তরুণীর মরদেহ।
সূত্র: আনন্দবাজার
Posted ১২:২৪ পিএম | রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।