রাজনীতি ডেস্ক | মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 111 বার পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ঘোষণার পর থেকে বিভিন্ন আসনে মনোনয়নবঞ্চিতরা প্রতিবাদ জানাচ্ছেন। সম্প্রতি দলটি আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করে। এগুলোর কয়েকটিতেও সক্রিয় রয়েছেন বঞ্চিতদের সমর্থকরা। গতকাল সোমবার তিনটি আসনের বিএনপির একাংশ সংবাদ সম্মেলন ও মশাল মিছিল করে।
মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনে প্রার্থী পরিবর্তন করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও নীতিনির্ধারকদের কাছে দাবি জানিয়েছেন দলের প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের বড় ছেলে ড. খন্দকার আকবর হোসেন বাবলু। গতকাল রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।
আকবর হোসেন বাবলু মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং মানিকগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী। সংবাদ সম্মেলনে তিনি এক-এগারোসহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে তাঁর বাবা খন্দকার দেলোয়ার ও তাঁর পরিবারের অবদানের কথা তুলে ধরেন। এ আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস এ কবির জিন্নাহকে।
সংবাদ সম্মেলনে আকবর হোসেন বাবলু বলেন, দলের চেয়ারপারসনের ঘনিষ্ঠ মহল এবং অনেক নীতিনির্ধারকও আমাকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছিলেন। তিনি ওই আসনে বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি, দখলবাজি, বালুমহাল দখলসহ নানা ধরনের অপকর্মে জড়িত থাকার অভিযোগ আনেন।
সংবাদ সম্মেলনে ছিলেন খন্দকার দেলোয়ার হোসেনের মেয়ে দেলোয়ারা বেগম পান্না, ছোট ছেলে খন্দকার আকতার হামিদ পবনসহ জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতারা।
টাঙ্গাইলে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল
টাঙ্গাইল-৫ (সদর) আসনে ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মনোনয়নপ্রত্যাশী ফরহাদ ইকবালের কর্মী-সমর্থকরা। গতকাল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে মৌন মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর উদ্যানে এসে শেষ হয়। পরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল ও বিক্ষোভ সমাবেশের আগে সদর আসনে মনোনয়নপ্রত্যাশী ফরহাদ ইকবাল বলেন, সদর আসনটি দীর্ঘদিন ধরে বিএনপির দখলে রয়েছে। এবার বহিরাগত প্রার্থী দেওয়ায় আসনটি হাতছাড়া হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিএনপির হাইকমান্ডকে অনুরোধ করব, এখানে সদরের ছেলেকে মনোনয়ন দেওয়ার জন্য।
এ সময় ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমান জিন্নাহ, সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলিম, সাধারণ সম্পাদক এজাজুল হক সবুজ, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রৌফ, সহসভাপতি হাদিউজ্জামান সোহেল, সহসভাপতি মামুন সরকার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তরিকুল ইসলাম ঝলক, জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু প্রমুখ। এ আসনে বিএনপির প্রার্থী কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
মুন্সীগঞ্জে ‘নারী সমাজের’ বিক্ষোভ
মুন্সীগঞ্জ-৩ (সদর ও গজারিয়া উপজেলা) আসনে বিএনপির দলীয় প্রার্থী ঘোষণার পর থেকে ৫ দিন ধরে বিক্ষোভ করছেন একাংশের নেতাকর্মীরা। গতকাল বিকেলে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে ‘নারী সমাজ’। শহরের প্রধান সড়কে কয়েক হাজার নারী বিক্ষোভ মিছিল বের করেন।
একই দাবিতে সন্ধ্যা ৬টার দিকে শহরে মশাল মিছিল বের করেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে থানারপুল এলাকার দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় ঘোষিত মনোনয়ন প্রত্যাহার করে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. মহিউদ্দিনকে দলীয় প্রার্থী ঘোষণা করার আহ্বান জানানো হয়। এ আসনে বিএনপির প্রার্থী কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন।
(প্রতিবেদনে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিরা)।
Posted ৫:১৫ পিএম | মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।