নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 458 বার পঠিত
সরকারের ‘প্রাতিষ্ঠানিক’ প্রতিবন্ধকতার বৃত্তে আটকে আছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণ। যে কারণে দেশটির সঙ্গে বাণিজ্য ঘাটতি বেড়েছে, বিনিয়োগও বাড়েনি। ইতোমধ্যে বেশ কয়েকটি বাধা শনাক্ত করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের ‘পালটা শুল্ক’ আরোপ মোকাবিলায় এসব নীতিগত বাধা দূর করতে কাজ করেছে অন্তর্বর্তী সরকার। এছাড়া ইউনাইটেড স্টেটস অব ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর) অফিসের সঙ্গে বুধবার রাতে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন অনলাইনে বৈঠক করেছেন। বাণিজ্য বাড়াতে সব ধরনের সহায়তার বিষয় ওই বৈঠকে তুলে ধরেন তিনি। পাশাপাশি শুল্ক ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, যা নিয়ে ইউএসটিআরের সঙ্গে দূতাবাসও কাজ করছে। সংশ্লিষ্ট সূত্রে পাওয়া গেছে এসব তথ্য।
সংশ্লিষ্টদের মতে, ইতোমধ্যে পোশাক খাতের বেশ কিছু অর্ডার বাতিল হয়েছে। বিদেশি ক্রেতারা পরিস্থিতি পর্যালোচনা করে আরও অর্ডার বাতিল করতে পারেন এমন শঙ্কাও উদ্যোক্তাদের ভেতর কাজ করছে। রপ্তানির উদ্দেশ্যে অনেক পণ্যের গায়ে মূল্যের ট্যাগ লাগানোর কাজও শেষ। ফলে পুরনো মূল্যে এসব পণ্য রপ্তানি করা যাচ্ছে না। এ নিয়ে পোশাকশিল্পের উদ্যোক্তারা বড় ধরনের সমস্যায় পড়েছেন। জানতে চাইলে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বুধবার বিকালে যুগান্তরকে জানান, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। একটি দেশ শুল্ক নিয়ে নিজস্ব নীতি প্রণয়ন করতে পারে। তবে আমরা সব জায়গা থেকে কাজ করছি। আজ (বুধবার রাতে) ইউনাইটেড স্টেটস অব ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর) অফিসের সঙ্গে অনলাইনে বৈঠক করব। সেখানে সার্বিক বিষয়ে আলোচনা হবে। আমরা যুক্তরাষ্ট্র থেকে তুলা ও সয়াবিনসহ কৃষিপণ্য আমদানি করছি। এজন্য দেশটির কৃষিভিত্তিক সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করছি। আজ (বুধবার) সকালে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে এ নিয়ে বৈঠক হয়েছে। বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, এটি সমাধানের জন্য আমরা সর্বোত্তম চেষ্টা করছি। এছাড়া টিকফাতে এ বিষয়ে আলোচনা করা হবে বলে জানান তিনি।
এ প্রসঙ্গে সাবেক বাণিজ্য সচিব (সিনিয়র) মাহবুব আহমেদ যুগান্তরকে জানান, ৩৭ শতাংশ শুল্ক আরোপের বিষয়টি সমাধানের অফিশিয়াল ফোরাম হচ্ছে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি (টিকফা)। ২০১৩ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের এ চুক্তি স্বাক্ষর হয়। ওই সময় বাংলাদেশের পক্ষে চুক্তিতে আমি স্বাক্ষর করেছিলাম। টিকফা চুক্তিতে একটি বিধানে বলা আছে উভয় দেশ বাণিজ্য ও বিনিয়োগসংক্রান্ত কোনো জটিল সমস্যার মুখে পড়লে সেটি সমাধানের লক্ষ্যে জরুরিভিত্তিতে টিকফা ফোরামের বৈঠক আহ্বান করা যাবে। বাংলাদেশ চাইলে এখন জরুরি ভিত্তিতে টিকফার বৈঠক ডেকে সেখানে শুল্ক আরোপের বিষয়টি আলোচনা করতে পারে। তিনি আরও বলেন, বাংলাদেশ অনেক পণ্যে শুল্ক জিরো করে দিচ্ছে, এটি ঠিক হবে না। এর উদাহরণ হলো যুক্তরাষ্ট্র থেকে তুলাসহ কয়েকটি পণ্যে শূন্য শুল্ক আছে। এরপরও তুলা আমদানি বাড়েনি। এখানে মূল বিষয় হচ্ছে মার্কিন পণ্যের মূল্য ও আমদানি ব্যয়। ফলে পণ্যে শূন্য শুল্ক আরোপ করলেই আমদানি বাড়বে না। তবে অন্তবর্তী সরকার যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনকে চিঠি দেওয়ার বিষয়টি ঠিক আছে।
সূত্রমতে, ট্রাম্প প্রশাসনের বাড়তি শুল্ক আরোপ মোকাবিলায় সরকার কয়েকটি পদক্ষেপ নিচ্ছে। এর মধ্যে অন্যতম হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বাড়ানো। এ নিয়ে সরকারের একাধিক মন্ত্রণালয় ও সংস্থা কাজ করতে গিয়ে দেখেছে বিগত সময়ে দুই দেশের বাণিজ্য সম্প্রসারণ না হওয়ার পেছনে প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকা ছিল। সেগুলো পর্যালোচনা করে দেখা গেছে, বাংলাদেশের প্রাক্তন নাগরিক, দ্বৈত নাগরিকত্বধারী বা যুক্তরাষ্ট্রে বৈধভাবে অভিবাসিত ব্যক্তি আছেন যারা বাংলাদেশে অর্জিত বৈধ সম্পদ তরল করে যুক্তরাষ্ট্রে নিতে পারেন না, তাদের নিয়ে যেতে দেওয়া হয় না। প্রাতিষ্ঠানিক বাধার কারণে যুক্তরাষ্ট্র সম্ভাব্য বিনিয়োগ থেকে বঞ্চিত হচ্ছে। অথচ এমন ব্যক্তিরা প্রতিবছর বাংলাদেশে প্রায় ৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠাচ্ছেন। এ অবস্থায় সরকারের সংশ্লিষ্টরা যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ডধারী, প্রাক্তন বাংলাদেশি নাগরিক (বর্তমানে মার্কিন নাগরিক) যুক্তরাষ্ট্রে নিবন্ধিত দ্বৈত নাগরিকত্বধারী বাংলাদেশি এবং এসব ব্যক্তির সন্তান-সন্ততিদের সঙ্গে প্রতিবন্ধকতাগুলো দূর করার ব্যাপারে আলোচনা শুরু করেছেন। বিশেষ করে বাংলাদেশে তাদের অর্জিত বৈধ, কর-পরিশোধিত ও ঘোষিত সম্পদ ও আয় তরল করে মার্কিন ডলারে যুক্তরাষ্ট্রে স্থানান্তরের অনুমতি দেওয়ার বিষয়টি ভাবা হচ্ছে। এ প্রক্রিয়ার সঙ্গে জড়িত সরকারি এক কর্মকর্তা জানান, অভিবাসীরা তাদের সম্পদ যুক্তরাষ্ট্রে নিয়ে যেতে পারলে, তারা আরও সম্পদ সৃষ্টি করতে পারবেন এবং সেটি বাংলাদেশে পাঠাতে পারবেন।
Posted ৭:০৭ এএম | বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।