রবিবার ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় ৭ মাসের শিশু নিহত

বিশ্ব ডেস্ক   |   শনিবার, ০৬ জুন ২০২৬   |   প্রিন্ট   |   5 বার পঠিত

পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় ৭ মাসের শিশু নিহত

অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরে ইসরায়েলি বাহিনীর গুলিতে সাত মাস বয়সী এক শিশু প্রাণ হারিয়েছে। হামলায় আহত হয়েছেন শিশুটির বাবা-মা। সড়কে গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী গুলি ছুড়লে এ ঘটনা ঘটে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্যটি নিশ্চিত করেছে।

এক প্রতিবেদনে বার্তা সংস্থা এএফপি শিশু মৃত্যুর ঘটনাটি জানায়। এ প্রসঙ্গে চিকিৎসক তারেক বারবারাওয়ি সংবাদমাধ্যমটিকে জানান, শিশুটিকে হাসপাতালে নেওয়া হয়েছিল, কিন্তু বাঁচানো সম্ভব হয়নি। শিশুটির দাদি ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফাকে জানিয়েছে, ইসরায়েলি সেনারা গাড়িটিকে লক্ষ্য করে গুলি চালানোয় তারা বিস্মিত হয়েছেন। কারণ, তাদের গাড়িটি সড়কে শুধু দাঁড়িয়ে ছিল। তিনি বলেন, ‘গুলি চালানোর মতো কোনো বিপদ হয়নি বা এ রকম করার পেছনে কোনো যুক্তি নেই।’

ইসরায়েলি সামরিক বাহিনী সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে জানায়, তাদের সেনাদের দিকে এক গাড়ি এগিয়ে আসতে শুরু করায় তারা সেটির মোকাবিলা করে। ওই পোস্টে আরও দাবি করা হয়, গাড়িটি লক্ষ্য করে শুধু একটি গুলি চালানো হয়েছে এবং এতে তিন ফিলিস্তিনি আহত হন। পরে তাদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, প্রাথমিক এক তদন্তে জানা গেছে, আহতরা ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না এবং বেসামরিক। বিষয়টি নিয়ে পর্যালোচনা চলছে বলেও উল্লেখ করেন তারা। ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে এএফপির তৈরি করা তালিকা বলছে, ওই সময় থেকে অন্তত ১০৮০ ফিলিস্তিনি পশ্চিম তীরে প্রাণ হারিয়েছেন।

গাজায় আবারও হামলা

এদিকে, কাগজে-কলমে যুদ্ধবিরতি বলবৎ থাকা সত্ত্বেও ইসরায়েলি সামরিক বাহিনী আবারও গাজায় একাধিক হামলা চালিয়েছে। প্রথমে গত শুক্রবার সকালে উপত্যকাটির খান ইউনিসে চালানো ড্রোন হামলায় এক নারী নিহত হন এবং অন্তত ১৫ জন আহত হন। পরে একই দিন গাজা সিটির কাছেও হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ধারাবাহিক এসব আক্রমণে গাজার অন্ধকার বাস্তবতা ফুটে উঠছে। যুদ্ধবিরতির ভবিষ্যৎ কী হতে পারে, তা নিয়েও ফিলিস্তিনিদের মধ্যে তৈরি হয়েছে সংশয়। আলজাজিরার প্রতিবেদক হানি মাহমুদ বলেন, ‘আমরা রাতে হামলা হতে দেখছি, ড্রোন হামলা হচ্ছে।’

গাজায় গত বৃহস্পতিবারও ইসরায়েলি হামলায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজন একই পরিবারের। সেদিন আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইসরায়েলি বাহিনী।

Facebook Comments Box

Posted ৪:০০ এএম | শনিবার, ০৬ জুন ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।