নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 1 বার পঠিত

নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের জন্য জমতে যাচ্ছে তারকাখচিত সংগীতের আসর। জনপ্রিয় তিন শিল্পী ইমরান মাহমুদুল, দিলশাদ নাহার কনা ও ঝিলিক এক মঞ্চে মাতাবেন দর্শকদের। আগামী ৩ অক্টোবর শনিবার লং আইল্যান্ড সিটির ইভানজেল ক্রিশ্চিয়ান সেন্টারে অনুষ্ঠিত হবে তাদের ‘মিউজিক্যাল নাইট’।
নিউইয়র্কস্থ বিউটিফুল ল্যাডিস অব ইউএসএ আয়োজিত এ অনুষ্ঠানে তিন শিল্পীই তাদের জনপ্রিয় গান পরিবেশন করবেন। অনুষ্ঠানটি প্রেজেন্টেড বাই সাপ্তাহিক ইনকিলাবের সম্পাদক ও হোম কেয়ার ব্যবসায়ী জাহেদ আলম।
মিউজিক্যাল নাইটকে সামনে রেখে বুধবার (১ সেপ্টেম্বর) নিউইয়র্কের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় প্রস্তুতিমূলক সংবাদ সম্মেলন। এতে ইমরান মাহমুদুল, দিলশাদ নাহার কনা ও ঝিলিকের পাশাপাশি আয়োজকদের মধ্যে জাহেদ আলম, মুনির জামান, আজাজুল ইসলাম নাঈম, বিউটিফুল ল্যাডিস অব ইউএসএর নাদিয়া চৌধুরী ও সিলভী আখন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে স্পন্সর হিসেবে উপস্থিত ছিলেন লায়ন রকি আলিয়ান, জেএফএম রাসেল ও মাসুদ রানা তপন।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইমরান, কনা ও ঝিলিক। তারা নিউইয়র্কের দর্শকদের সামনে নিজেদের সংগীত পরিবেশনা নিয়ে কথা বলেন এবং অনুষ্ঠানের প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরেন।
আয়োজকরা জানান, প্রায় ১ হাজার ২০০ দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে এবারের মিউজিক্যাল নাইট। জনপ্রিয় তিন শিল্পীর গান ও পারফরম্যান্সে সন্ধ্যাটি প্রাণবন্ত হয়ে উঠবে বলে প্রত্যাশা তাদের।
এদিকে শিল্পী ঝিলিক জানান, শুধু নিউইয়র্ক নয়, যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি শহরেও তারা সংগীত পরিবেশন করবেন। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের প্রায় ১০টি শহরে তাদের অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে।
প্রবাসের মাটিতে বাংলাদেশি সংগীতের জনপ্রিয় শিল্পীদের একসঙ্গে পাওয়ার সুযোগকে ঘিরে ইতোমধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
Posted ৭:৪৬ এএম | বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।