ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ট্রাম্প ঘনিষ্ঠতার খেসারতে মার্কিন তদন্তের মুখে ইনফান্তিনো

খেলাধুলা ডেস্ক   |   বুধবার, ২৯ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   2 বার পঠিত

ট্রাম্প ঘনিষ্ঠতার খেসারতে মার্কিন তদন্তের মুখে ইনফান্তিনো

বিশ্বকাপ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে ফিফার সম্পর্ক নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। যুক্তরাষ্ট্রের হাউস জুডিশিয়ারি কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য জেমি রাস্কিন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ ও বিভিন্ন সিদ্ধান্ত-সংক্রান্ত নথি চেয়েছেন। আনুষ্ঠানিক এক চিঠিতে রাস্কিন ইনফান্তিনোকে আগামী ৯ আগস্টের মধ্যে সংশ্লিষ্ট নথি জমা দেওয়ার পাশাপাশি বিষয়গুলো সম্পর্কে ব্যাখ্যা দিতে অনুরোধ করেছেন।

রাস্কিনের চিঠিতে ফিফা ও ট্রাম্প প্রশাসনের সম্পর্ক নিয়ে কয়েকটি বিষয় উল্লেখ করা হয়েছে। যেখানে ট্রাম্প টাওয়ারে ফিফার অফিস, ‘ফিফা পিস প্রাইজ’ বিতর্ক, বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহার ও টিকিট বিক্রির নীতি আছে।

চিঠিতে বলা হয়েছে, নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে ফিফা অফিস ভাড়া নিয়েছে। এ সংক্রান্ত লিজ, ব্যয় এবং ভিজিটর লগের তথ্য চেয়েছেন রাস্কিন। এছাড়া অভিযোগ করা হয়েছে, ওয়াশিংটনে বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ট্রাম্পকে একটি নতুন ‘ফিফা পিস প্রাইজ’প্রদান করা হয়। এর পেছনের সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট নথিও চাওয়া হয়েছে।

মার্কিন ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। রাস্কিন দাবি করেছেন, এ বিষয়ে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ইনফান্তিনোর সঙ্গে যোগাযোগ হয়েছিল। এ দাবির পক্ষে সংশ্লিষ্ট নথিও চেয়েছেন তিনি। বিশ্বকাপের টিকিটে ডাইনামিক প্রাইসিং এবং মূল্য নির্ধারণ প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন রাস্কিন। তার অভিযোগ, এ ব্যবস্থায় ভোক্তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন।

চিঠিতে রাস্কিন লিখেছেন, ইনফান্তিনোর নেতৃত্বে ফিফার নৈতিক অবস্থান দুর্বল হয়েছে এবং ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে স্বচ্ছতা প্রয়োজন। এছাড়া অতীতে ফিফা-সংশ্লিষ্ট কয়েকটি দুর্নীতির মামলার পরিণতি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

তবে বর্তমানে হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ডেমোক্র্যাটরা সংখ্যালঘু হওয়ায় রিপাবলিকানদের সমর্থন ছাড়া রাস্কিন এককভাবে বাধ্যতামূলক সমন জারি করতে পারেন না। ফলে এই চিঠি মূলত তথ্য ও ব্যাখ্যা চাওয়ার আনুষ্ঠানিক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

এদিকে নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশনও বালোগানের লাল কার্ড বাতিলের ঘটনায় ফিফার এথিক্স কমিটির কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

Facebook Comments Box

Posted ২:০৯ পিএম | বুধবার, ২৯ জুলাই ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।