খেলাধুলা ডেস্ক | সোমবার, ২০ জুলাই ২০২৬ | প্রিন্ট | 5 বার পঠিত

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের প্রসঙ্গ উঠলেই সবার আগে মনে পড়ে জিনেদিন জিদানের নাম। ২০০৬ বিশ্বকাপের ফাইনালে ইতালির মার্কো মাতেরাজ্জিকে ঢুস মেরে সরাসরি লাল কার্ড দেখেছিলেন ফ্রান্সের অধিনায়ক। সেই মুহূর্তটি আজও বিশ্বকাপ ইতিহাসের অন্যতম আলোচিত ঘটনা।
এবার সেই তালিকায় যুক্ত হলো আরেকটি নাম—আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ। সোমবার রাতে স্পেনের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে দুই হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন এই আর্জেন্টাইন মিডফিল্ডার। ৯৩ মিনিটে এনজোর লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা। এরপর অতিরিক্ত সময়ের গোলে আর্জেন্টিনাকে কাঁদিয়ে নিজেদের দ্বিতীয় জয়ের স্বাদ পায় স্পেন।
তবে বিশ্বকাপ ফাইনালের মঞ্চে আর্জেন্টাইনদের লাল কার্ড দেখার ঘটনা নতুন কিছু নয়। ১৯৭০ সাল থেকে কার্ডের সঙ্গে পরিচয় বিশ্বকাপের। এরপর থেকে বিশ্বকাপ ফাইনালে লাল কার্ড দেখেছেন মোট ছয়জন খেলোয়াড়। এর মধ্যে তিনজনই আর্জেন্টিনার।
বিশ্বকাপের ফাইনালে প্রথম লাল কার্ড দেখা খেলোয়াড় আর্জেন্টিনার ডিফেন্ডার পেদ্রো মোনজোন। ১৯৯০ বিশ্বকাপের ফাইনালে জার্মানির ইয়ুর্গেন ক্লিন্সমানকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেছিলেন মোনজোন।
তার ঠিক ২২ মিনিট পর দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন গুস্তাভো দেজোত্তি। সেবার দুই লাল কার্ড দেখে ফাইনালটাও হাতছাড়া করে ফেলে আর্জেন্টিনা। পশ্চিম জার্মানির কাছে ১-০ গোলে হেরে টানা দ্বিতীয় শিরোপাজয়ের স্বপ্নভঙ্গ হয় তাদের।
১৯৯৮ বিশ্বকাপের ফাইনালে লাল কার্ড দেখেন ফ্রান্সের মার্সেল দেশাইলি। ৪৯ মিনিটে প্রথম হলুদ কার্ড দেখার পর ৬৮ মিনিটে কাফুকে দ্বিতীয়বার ফাউল করে দেখেন দ্বিতীয় হলুদ কার্ড। সেবার ঘরের মাটিতে খেলা ফ্রান্সকে প্রথম বিশ্বকাপ ফাইনাল শেষ করতে হয় ১০ জন নিয়ে। তবে ১০ জনের দল নিয়েও অবশ্য তারা ব্রাজিলকে হারিয়ে দিয়েছিল।
এরপর ২০০৬ বিশ্বকাপের ফাইনালে লাল কার্ড দেখেন জিদান। অতিরিক্ত সময়ে মাতেরাজ্জিকে মাথা দিয়ে আঘাত করায় সরাসরি লাল কার্ড দেখেন তিনি। এরপর টাইব্রেকারে ইতালির কাছে হেরে যায় ফ্রান্স।
২০১০ বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ডসের জন হেইতিঙ্গা দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। স্পেনের বিপক্ষে ৫৭ মিনিটে ডেভিড ভিয়াকে করা ফাউলে প্রথম হলুদ কার্ড দেখেন এই ডাচ ডিফেন্ডার। এরপর ১০৯ মিনিটে জাভিকে ফাউল করে দেখেন দ্বিতীয় হলুদ কার্ড। হেইতিঙ্গাকে হারিয়ে ১০ জনের দলে পরিণত হওয়া নেদারল্যান্ডস পরে আর লড়াই করে পেরে ওঠেনি। ইনিয়েস্তার গোলে জিতে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন।
এরপর টানা তিন বিশ্বকাপের ফাইনাল লাল কার্ড ছাড়াই পেরিয়েছে। এবার সেই লাল কার্ড ফিরিয়ে আনলেন এনজো। ৮২ মিনিটে প্রথম হলুদ কার্ড দেখা এই মিডফিল্ডার ৯৩ মিনিটে পাও কুবারসিকে ফাউল করে দেখেন দ্বিতীয় হলুদ কার্ড। এর মধ্য দিয়ে দীর্ঘ ১৬ বছর পর ফের বিশ্বকাপের ফাইনালে লাল কার্ডের দেখা মিলল।
Posted ৭:৪০ পিএম | সোমবার, ২০ জুলাই ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।