ডেস্ক রিপোর্ট | সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | 19 বার পঠিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের পর কানাডার লেক অন্টারিওর নাম যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য ‘লেক আমেরিকা’ করেছে গুগল ম্যাপস। শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গুগল।
কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্য বিরোধের মধ্যেই গত বৃহস্পতিবার পাঁচটি গ্রেট লেকসের অন্যতম লেক অন্টারিওর নাম পরিবর্তনের ঘোষণা দেন ট্রাম্প। দুই দেশ এরই মধ্যে একে অপরের পণ্যে পাল্টাপাল্টি শুল্ক আরোপ করেছে।
ট্রাম্পের নির্বাহী আদেশটি যুক্তরাষ্ট্রের সরকারি মানচিত্রে ভৌগোলিক নাম নির্ধারণকারী সংস্থা ইউএস জিওগ্রাফিক নেমস ইনফরমেশন সিস্টেমের ওপর কার্যকর হবে। তবে কানাডার নামকরণ নীতি কিংবা বিশ্বের অন্যান্য দেশে হ্রদটির প্রচলিত নামের ওপর এর কোনো প্রভাব পড়বে না।
গুগল জানিয়েছে, সরকারি তথ্যের ভিত্তিতেই সাধারণত গুগল ম্যাপসের ভৌগোলিক নাম হালনাগাদ করা হয়। ফলে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা এখন হ্রদটিকে ‘লেক আমেরিকা’ নামে দেখতে পাবেন। কানাডার ব্যবহারকারীদের কাছে আগের নাম ‘লেক অন্টারিও’ই থাকবে। আর যুক্তরাষ্ট্র ও কানাডার বাইরে ব্যবহারকারীরা দুই নামই দেখতে পাবেন।
এর আগে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তনের নির্বাহী আদেশ দেন। পরে গুগল ম্যাপসে সেটির নাম ‘গালফ অব আমেরিকা’ করা হয়।
তবে লেক অন্টারিওর নাম পরিবর্তনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলও জানিয়েছেন, নিউইয়র্ক লেক অন্টারিওকে নতুন নামে ডাকবে না। ভারমন্টের গভর্নর ফিল স্কট সিদ্ধান্তটিকে ‘তুচ্ছ ও হতাশাজনক’ বলে মন্তব্য করেছেন।
এদিকে শনিবার লেকটির তীরে নতুন একটি সাইনবোর্ড উন্মোচন করেছেন অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড। ইংরেজি ও ফরাসি ভাষায় লেখা ওই সাইনবোর্ডে বলা হয়েছে, ‘লেক অন্টারিও, এখনও এবং সর্বদা।’
ডগ ফোর্ড বলেন, ট্রাম্প হ্রদটিকে যা খুশি নামে ডাকতে পারেন। তবে বিশ্বের বাকি দেশগুলো এটিকে সবসময় ‘লেক অন্টারিও’ নামেই ডাকবে।
সূত্র: আলজাজিরা
Posted ৭:০৭ এএম | সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।