জাতীয় ডেস্ক | সোমবার, ২০ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 3 বার পঠিত

বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে রোববার এক স্বতঃস্ফূর্ত ও হাস্যরসপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশে ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ।
অনুষ্ঠানের বক্তব্য চলাকালে মঞ্চে দাঁড়িয়ে মাইক্রোফোন হাতে নিয়ে প্রধানমন্ত্রী হালকা রসিকতার সুরে বলেন, ‘এ ভাই চুপ করতে হবে, না হলে তোরা বক্তব্য দে আমি যাই। আমি এখনও খাইনি, নামাজও হয়নি। এখনও জনসভা আছে, অন্য প্রোগ্রাম আছে। তারপর আবার ঢাকায় ফিরতে হবে।’
তার এই মন্তব্যে উপস্থিত জনতার মধ্যে হাসির রোল পড়ে যায়। অনেকেই করতালি দিয়ে পুরো পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলেন।
এরপর উপস্থিত কেউ কেউ মঞ্চের উদ্দেশে অনুরোধ করেন, ‘ভাই, অন্তত দুই ঘণ্টা কথা বলুন।’ এ কথায় প্রধানমন্ত্রীও হেসে ফেলেন। পরে তিনি বলেন, ‘সেটা সম্ভব না। আমি আবার আসবো।’
মঞ্চে উপস্থিত জুবাইদা রহমানকেও এ সময় স্বামীর পাশে হাসিমুখে বসে থাকতে দেখা যায়। সমাজকল্যাণমন্ত্রীসহ অন্য অতিথিরা ঘটনাটি উপভোগ করেন।
স্থানীয়রা বলছেন, সরকারি একটি গুরুত্বপূর্ণ কর্মসূচির মধ্যেও এমন স্বাভাবিক ও হাস্যরসপূর্ণ মুহূর্ত উপস্থিত মানুষের মধ্যে ভিন্ন এক অনুভূতি তৈরি করেছে।
Posted ১১:১০ এএম | সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।