ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শিক্ষা সহযোগিতার সম্ভাবনা তুলে ধরলেন শামা ওবায়েদ

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   1 বার পঠিত

ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শিক্ষা সহযোগিতার সম্ভাবনা তুলে ধরলেন শামা ওবায়েদ

ক্যালিফোর্নিয়ায় অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির (এএসইউ) প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় শিক্ষা, বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি খাতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সহযোগিতা আরও জোরদারের সম্ভাবনার কথা তুলে ধরেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৭ সেপ্টেম্বর সিলিকন ভ্যালির ফোর সিজনস হোটেলে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দলের সঙ্গে এএসইউ প্রতিনিধিদের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশে সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে প্রকৌশল শিক্ষা, গবেষণা, জনশক্তি উন্নয়ন, শিল্প ও বিনিয়োগের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

পারস্পরিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র হিসেবে মাইক্রো-ইলেকট্রনিক্স পাঠ্যক্রম, ফ্যাকাল্টি প্রশিক্ষণ, ফলিত গবেষণা এবং বিশ্ববিদ্যালয় ও শিল্প খাতের মধ্যে অংশীদারিত্বের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ স্টেম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত) শিক্ষা এবং শিক্ষকদের মানোন্নয়নের ওপর গুরুত্ব দেন। অন্যদিকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ গবেষণা ও শিক্ষার সঙ্গে বিনিয়োগ এবং বাণিজ্যিক ব্যবহারের সংযোগ ঘটিয়ে একটি সেমিকন্ডাক্টর রোডম্যাপ তৈরির আহ্বান জানান।

রাশেদ আল মাহমুদ তিতুমীর প্রযুক্তিগত অংশীদারিত্বকে দক্ষ কর্মসংস্থান, গবেষণা সক্ষমতা ও বিনিয়োগে রূপান্তর করতে টেকসই পরিকল্পনা এবং শিক্ষা ও শিল্প খাতের মধ্যে আরও শক্তিশালী বন্ধন গড়ে তোলার ওপর তাগিদ দেন।

উভয় পক্ষ উচ্চশিক্ষা সংস্কারের বিষয়ে এএসইউ-এর ইউনিভার্সিটি ডিজাইন ইনস্টিটিউটের সঙ্গে সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা করেন। এ ছাড়া সেমিকন্ডাক্টর শিক্ষা, জনশক্তি ও অনুষদ উন্নয়ন, গবেষণা এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) প্রণয়নের বিষয়েও আলোচনা হয়।

প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ কামরুল ইসলাম, উপ-প্রেস সচিব মো. জাহিদুল ইসলাম, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম এবং লস অ্যাঞ্জেলেসে নিযুক্ত কনসাল জেনারেল কাজী মুহাম্মদ জাবেদ ইকবাল অংশ নেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট প্রকল্প ও অংশীদার প্রতিষ্ঠান চিহ্নিত করতে লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল পরবর্তী ফলো-আপ আলোচনা এগিয়ে নেবে।

সূত্র: বাসস

Facebook Comments Box

Posted ৯:৫৮ এএম | মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।