| মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩ | প্রিন্ট | 191 বার পঠিত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষকে পুড়িয়ে হত্যা করে কিছুই অর্জন করা যায় না। কোনো কিছু অর্জন করতে হলে জনগণের শক্তি প্রয়োজন। সেজন্য অগ্নিসন্ত্রাসের পথ পরিহার করে জনগণের কল্যাণে কাজ করা এবং তাদের পাশে থাকা প্রয়োজন।
সশস্ত্র বাহিনী দিবসে মঙ্গলবার (নভেম্বর ২১) বিকেলে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, অগ্নিসন্ত্রাস, জ্বালাও-পোড়াও মানুষের জীবনকে অতিষ্ঠ করে তোলে। আমি জানি না, একজন মানুষ কীভাবে আরেকটা জীবন্ত মানুষকে পুড়িয়ে মারে। এমনটি দেখেছিলাম ৭১ সালে। তখন পাকিস্তানি হানাদার বাহিনী বস্তিতে আগুন দিতো। আর মানুষ বেরিয়ে এলে সঙ্গে সঙ্গে আগুন দিয়ে পুড়িয়ে মারত। দুঃখের বিষয় এরপর ২০১৩-১৪ সালে এবং ইদানীং সেই অগ্নিসন্ত্রাস শুরু করেছে। পোড়া মানুষগুলোর ক্ষতবিক্ষত দেহ এবং তাদের আত্মচিৎকার ও পরিবারগুলো কী অবস্থায় আছে।
প্রধানমন্ত্রী বলেন, আমরা একটির পর একটি চ্যালেঞ্জ মোকাবেলা করছি। যেমন, কোভিড-১৯ আমরা মোকাবিলা করলাম। এ ছাড়া অগ্নিসন্ত্রাস থেকে শুরু করে নানা ধরনের ঝামেলা মাঝে মাঝে শুরু হয়।
শান্তি চান জানিয়ে শেখ হাসিনা বলেন, আমরা শান্তি চাই। শুধু দেশের অভ্যন্তরে নয়, আঞ্চলিকভাবে এবং সারা বিশ্বে শান্তি চাই। আমাদের পররাষ্ট্রনীতি অত্যন্ত সুস্পষ্ট- সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়।
তিনি বলেন, বাংলাদেশ শান্তির দেশ, মানুষ যখন একটু শান্তিতে ছিল, স্বস্তিতে ছিল, মানুষ একটু আশার আলো দেখছিল, সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, ঠিক সে সময় অগ্নিসন্ত্রাস, হরতাল ও অবরোধ মানুষের জীবনকে আবার ব্যাহত করছে, শঙ্কার মধ্যে ফেলে দিচ্ছে, এটিই হলো সবচেয়ে কষ্টের বিষয়।
তিনি বলেন, পরিকল্পনা মোতাবেক কাজ করে আজ আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের যাত্রা শুরু হবে ২০২৬ সালে। ২৬ সালে এই যাত্রা যেন ভালো ভাবে করতে পারি। ইতোমধ্যে আমরা পরিকল্পনা নিয়ে কাজ শুরু করে দিয়েছি। বাংলাদেশের এই অপ্রতিরোধ্য অগ্রযাত্রা কেউ যেন বন্ধ করতে না পারে সেটিই আমার একমাত্র লক্ষ্য।
সশস্ত্র বাহিনীকে সবসময় প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা কারো সঙ্গে যুদ্ধ চাই না। আমরা শান্তিতে বাস করতে চাই। কিন্তু আমার দেশকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য, আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যেন যথাযথ প্রস্তুতি আমাদের থাকে, তা আমাদের সবসময় মনে রাখতে হবে।
তিনি বলেন, আমাদের দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত অতন্দ্র প্রহরী হিসেবে আমাদের সশস্ত্র বাহিনী কাজ করবে।
সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করতে আওয়ামী লীগ সরকারের উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, শান্তিতে সমরে সব জায়গায় আমাদের সশস্ত্র বাহিনী সদা সচেষ্ট এবং শক্তিশালী। তাদের শক্তিশালী হিসেবে আমরা গড়ে তুলছি।
সশস্ত্র বাহিনীর প্রশংসা করে শেখ হাসিনা বলেন, প্রাকৃতিক দুর্যোগ বা যেকোনো দুর্যোগ দেখা দিলে আমাদের সশস্ত্র বাহিনীর মানুষের পাশে দাঁড়ায়।
Posted ১১:৪৪ এএম | মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।