নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০২ জুন ২০২৫ | প্রিন্ট | 599 বার পঠিত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ বৈঠকে বসবেন। এতে চলমান রাষ্ট্র সংস্কার নিয়ে আলোচনা হবে। রোববার বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলা হয়। এ সময় আরও জানানো হয়, প্রধান উপদেষ্টার সফরের মধ্য দিয়ে বাংলাদেশে জাপান বিনিয়োগ বাড়বে। পাশাপাশি দেশটিতে প্রবাসী কর্মী পাঠানোর পথ প্রশস্ত হবে।
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বক্তব্য দেন। উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।
সংবাদ সম্মেলনে আবুল কালাম আজাদ মজুমদার জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সোমবার (আজ) আবারও বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। বৈঠকটি বিকাল ৪টা ৩০ মিনিটে ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হবে।
শফিকুল আলম বলেন, ‘মাতারবাড়ি প্রকল্পে বড় ধরনের বিনিয়োগ করবে জাপান। এছাড়া দেশটির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে ইতিবাচক কথা হয়েছে। পাশাপাশি দেশটিতে বছরে ১ লাখ কর্মী পাঠানোর বিষয়েও কথা হয়েছে।’ তিনি বলেন, ‘মাতারবাড়ি নিয়ে মহাপরিকল্পনায় (মাস্টার প্ল্যান) জাপান সহযোগিতা করবে। ২৯ মিলিয়ন ডলারের মধ্যে বড় অংশই জাপান দেবে। এছাড়া জাপানি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ানো এ সফরের উদ্দেশ্য ছিল। উদ্দেশ্যে অনেকটাই সফল হয়েছে। জাপানের মেইন ইনভেস্টমেন্ট এজেন্সি জেটপোর সঙ্গে কথা হয়েছে। তারা বিনিয়োগে পজিটিভ রেসপন্স করেছে। জাপানে কর্মী পাঠানো এবং দেশটির জনশক্তি রপ্তানির বাজার নিয়ে কাজ করারও অপার সম্ভাবনা তৈরি হয়েছে।’
তিনি বলেন, ‘জাপান ৫ বছরে ১ লাখ লোক নিতে চায়। এ বিষয়েও কাজ করা হবে। এছাড়া জাপানে যাওয়ার ক্ষেত্রে যে ভিসা জটিলতা তৈরি হতো, তারও সমাধানে আলোচনা হয়েছে।’
প্রেস সচিব বলেন, ‘এ সফরে ৬টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর অন্যতম একটি হলো-জাপান ৪১৮ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দেবে বলে আশ্বস্ত করেছে। এছাড়াও জয়দেবপুর-ঈশ্বরদী ডুয়েল গেজ লাইনের জন্য ৬৪১ মিলিয়ন ডলার দেবে। পাশাপাশি বিভিন্ন স্কলারশিপের জন্য ৪ দশমিক ২ মিলিয়ন ডলার দিচ্ছে।’
Posted ৪:৪৬ এএম | সোমবার, ০২ জুন ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।