ডেস্ক রিপোর্ট | শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 4 বার পঠিত
বাংলাদেশ ক্রিকেটের দীর্ঘদিনের নির্ভরতার প্রতীক মুশফিকুর রহিম। ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটকে আগেই বিদায় জানিয়েছেন। এবার টেস্ট ক্রিকেট থেকেও অবসরের সিদ্ধান্ত নিয়েছেন দেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক-ব্যাটার। আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে মিরপুরে সিরিজের প্রথম টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেটের ২১ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানবেন তিনি।
শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভা শেষে সংবাদ সম্মেলনে মুশফিকের অবসরের সিদ্ধান্তের কথা জানান বিসিবি সভাপতি তামিম ইকবাল।
ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এই ম্যাচ দিয়েই লাল-সবুজের জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন মুশফিক।
মুশফিকের অবসরের সিদ্ধান্তের বিষয়ে তামিম ইকবাল বলেন, ‘মুশফিকুর রহিম ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের পর অবসরে যাচ্ছে। মুশফিক বেশ কয়েক দিন আগে আমাকে ফোন করে তার এই সিদ্ধান্তের কথা জানায়। এরপর আমি তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছি।’
মুশফিকের বিদায়টা যথাযথ মর্যাদায় হোক, এমনটাই চেয়েছিলেন বিসিবি সভাপতি। এ কারণে সংবাদ সম্মেলন করে নিজের মুখে অবসরের ঘোষণা দেওয়ার পরামর্শও দিয়েছিলেন তাকে। তবে মুশফিকের অনুরোধেই শেষ পর্যন্ত তামিমকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানাতে হচ্ছে।
তামিম বলেন, ‘আমি তাকে বলেছিলাম, একটি সংবাদ সম্মেলন করে নিজের মুখেই অবসরের ঘোষণা দিতে। একই সঙ্গে তাকে ফেসবুকে স্ট্যাটাস না দেওয়ার অনুরোধও করেছিলাম। কারণ, সে বাংলাদেশের ক্রিকেটের একজন অসাধারণ সেবক। আমি চেয়েছিলাম, তার বিদায়টা যথাযথভাবে হোক। মুশফিকের অনুরোধেই আমাকে এই ঘোষণা দিতে হচ্ছে। তার অনুরোধে জানাচ্ছি, ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টই হবে মুশফিকের শেষ টেস্ট।’
২০০৫ সালে ইংল্যান্ডের লর্ডসে টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকুর রহিমের। এরপর দীর্ঘ ২১ বছরের পথচলায় বাংলাদেশের হয়ে খেলেছেন ১০৮টি টেস্ট। দেশের ইতিহাসে প্রথম ও একমাত্র ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার গৌরবও অর্জন করেছেন তিনি।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৭ হাজার ৬২ রান সংগ্রহ করেছেন মুশফিক। দেশের ক্রিকেটে ব্যাট হাতে অসংখ্য স্মরণীয় ইনিংস উপহার দেওয়ার পাশাপাশি উইকেটের পেছনেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।
দীর্ঘদিনের এই অভিজ্ঞ ক্রিকেটারের বিদায়ে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে একটি বর্ণাঢ্য অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে। এখন অপেক্ষা ঘরের মাঠ মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচটিকে কতটা স্মরণীয় করে রাখতে পারেন মুশফিক।
Posted ৩:৪১ পিএম | শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।