জেলা প্রতিনিধি | বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 2 বার পঠিত
নাটোরের সিংড়ায় জুয়ার আসরে অভিযান চালিয়ে নগদ দেড় লাখ টাকা, তাস ও দুটি মোবাইল ফোনসহ দুই জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের মধ্যে একজনের মোবাইল ফোনে পাওয়া গেছে অনলাইন জুয়ার দুটি অ্যাপ।
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরের জামিলা ফয়েজ পলিটেকনিক ইনস্টিটিউটের নিচতলার বারান্দায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন উপজেলার বামিহাল গ্রামের মৃত মহির উদ্দিন মাস্টারের ছেলে মো. নাজিম উদ্দিন (৪২) এবং নয়া রাতাল কয়াকাস গ্রামের মো. আমজাদ হোসেনের ছেলে মো. মিলন হোসেন (৩৫)।
বৃহস্পতিবার দুপুরে সিংড়া থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার (সিংড়া-গুরুদাসপুর সার্কেল) নূর মোহাম্মদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বুধবার রাতে পুলিশের একটি দল নিয়মিত টহল দেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে জামিলা ফয়েজ পলিটেকনিক ইনস্টিটিউটে অভিযান চালায়। এ সময় সেখানে কয়েকজনকে টাকার বিনিময়ে জুয়া খেলতে দেখা যায়। পরে ঘটনাস্থল থেকে নাজিম উদ্দিন ও মিলন হোসেনকে গ্রেফতার করা হয়।
অভিযানে তাঁদের কাছ থেকে ৫২টি তাসের একটি সেট, জুয়ার নগদ এক লাখ ৫০ হাজার টাকা এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা মোবাইল ফোনের একটিতে অনলাইন জুয়ার দুটি অ্যাপের সন্ধান পাওয়া গেছে।
এ ঘটনায় সিংড়া থানায় জুয়া প্রতিরোধ আইন-২০২৬-এর ১৫, ১৯ ও ২৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
Posted ৪:২৯ পিএম | বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।