ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

অবশেষে প্রাণ ফিরল গাজীপুরের শিল্পাঞ্চলে, কাজে ফিরলেন শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৮ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   2 বার পঠিত

অবশেষে প্রাণ ফিরল গাজীপুরের শিল্পাঞ্চলে, কাজে ফিরলেন শ্রমিকরা

কয়েক দিনের অচলাবস্থা কাটিয়ে আবারও কর্মচঞ্চল হয়ে উঠছে দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল গাজীপুর। শ্রমিক অসন্তোষের কারণে বন্ধ থাকা অনেক কারখানা খুলে দেওয়া হয়েছে। রবিবার (৮ নভেম্বর) সকাল থেকেই দলে দলে শ্রমিক কর্মস্থলে ফিরেছেন। স্বাভাবিক রয়েছে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্পাঞ্চলে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

সকাল থেকে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের স্বাভাবিকভাবে কাজে যোগ দিতে দেখা গেছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

শ্রমিক অসন্তোষের পুনরাবৃত্তি ঠেকাতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মোতায়েন রয়েছেন ১৩ প্লাটুন বিজিবি, ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ বিপুলসংখ্যক পুলিশ ও আনসার সদস্য।

কর্মস্থলে ফেরা শ্রমিকরা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় তারা বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন। তবে কাজ বন্ধ রেখে আন্দোলন, ভাঙচুর কিংবা সড়ক অবরোধের মতো কর্মসূচি চান না তারা। নিয়মিত কাজের পাশাপাশি নিজেদের ন্যায্য দাবিগুলো সরকারের কাছে তুলে ধরতে চান।

শ্রমিক আসমা আক্তার বলেন, ‘গত দুই সপ্তাহ ধরে আন্দোলন চলছে। আমরা অনেকেই আতঙ্কিত ছিলাম। আজ পরিস্থিতি অনেকটা স্বাভাবিক। আমরা ভাঙচুর ও সড়ক অবরোধ চাই না। নিয়মিত কাজ করতে চাই। সরকার যেহেতু বেতন বাড়ানোর কথা বলেছে, তাই আমরা আশাবাদী।’

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসেন বলেন, কারখানাগুলো খুলে দেওয়া হয়েছে। সকাল থেকেই শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, সকাল থেকেই শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শ্রমিকদের সঙ্গে কথা বলা হয়েছে, তারাও কাজে ফিরে আনন্দিত। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৩ প্লাটুন বিজিবি, ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ বিপুলসংখ্যক পুলিশ ও আনসার সদস্য মোতায়েন রয়েছেন।

দীর্ঘদিনের অস্থিরতা কাটিয়ে শ্রমিকদের কর্মস্থলে ফেরা এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হওয়ায় গাজীপুরের শিল্পাঞ্চলে ফিরতে শুরু করেছে প্রাণচাঞ্চল্য।

Facebook Comments Box

Posted ৭:১০ এএম | রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।