নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 3 বার পঠিত

গাজীপুর মহানগরীর পুবাইলে নিজ ঘর থেকে প্রাপ্তি মল্লিক পূজা (২৪) নামে উত্তরা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে পুবাইলের ডেমরপাড়া এলাকার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত প্রাপ্তি মল্লিক পূজা ডেমরপাড়া এলাকার গোপাল চন্দ্র মল্লিকের মেয়ে। তিনি উত্তরা বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইন বিভাগের দশম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর এলাকার শিশির চন্দ্র রায়ের সঙ্গে তার বিয়ে হয়।
পরিবার সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট ভাইয়ের সঙ্গে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন পূজা। সোমবার সকালে তিনি বিশ্ববিদ্যালয়ে যান। সন্ধ্যায় বাড়ি ফিরে গোসল শেষে নিজ কক্ষে অবস্থান করছিলেন।
রাত সাড়ে ৮টার দিকে পরিবারের সদস্যরা ডাকাডাকি করে তার কোনো সাড়া না পেয়ে সন্দেহ করেন। পরে তার ভাই পাশের কক্ষের সিলিং দিয়ে ওই কক্ষে প্রবেশ করে পূজাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পান। দরজা খুলে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুবাইল থানার পরিদর্শক (তদন্ত) আবু বক্কর সিদ্দিক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূজা আত্মহত্যা করেছেন। পরিবারের পক্ষ থেকে সংসারজীবনে হতাশার কথা বলা হয়েছে। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
Posted ৮:২১ এএম | বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।