ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

তিন জেলায় আইনশৃঙ্খলা নিয়ে কঠোর নজরদারি, সমন্বয় বাড়ানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ৩১ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   4 বার পঠিত

তিন জেলায় আইনশৃঙ্খলা নিয়ে কঠোর নজরদারি, সমন্বয় বাড়ানোর নির্দেশ

কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক ও জুয়া প্রতিরোধ এবং জনসেবামূলক কার্যক্রম আরও জোরদারে মাঠ প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার সভাকক্ষে আয়োজিত এক সভায় তিনি এ নির্দেশ দেন। মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখার ২৭ আগস্টের প্রজ্ঞাপনের আলোকে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় তিন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও জুয়া নিয়ন্ত্রণ, নদীভাঙন, বিদ্যুৎ, স্বাস্থ্য, খাদ্য ও সার সরবরাহসহ বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।

কর্মকর্তাদের বক্তব্য শোনার পর প্রতিমন্ত্রী বলেন, জেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণ নিশ্চিত করতে মাঠ প্রশাসনের বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় আরও জোরদার করতে হবে। জরুরি ও জনস্বার্থসংশ্লিষ্ট যেকোনো বিষয় দ্রুত তাকে জানানোর নির্দেশও দেন তিনি।

জেলা প্রশাসকদের নিয়মিতভাবে সব উপজেলা পরিদর্শনের পরামর্শ দিয়ে মীর শাহে আলম বলেন, তৃণমূলের মানুষের সমস্যা সরেজমিনে চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিতে হবে। কুড়িগ্রামের আইনশৃঙ্খলা সভায় সমন্বয় বাড়াতে পার্শ্ববর্তী জামালপুর ও লালমনিরহাট জেলার প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিতের নির্দেশও দেন তিনি।

মাদক-জুয়া নিয়ন্ত্রণে জোর

সভায় জানানো হয়, মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের পাশাপাশি কমিউনিটি পুলিশিং এবং মসজিদ, মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে।

নতুন জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর আওতায় নিয়মিত মামলা করার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। গুজব ঠেকাতে জনসচেতনতা বাড়ানো এবং সঠিক তথ্য দ্রুত প্রচারের ওপরও গুরুত্ব দেওয়া হয়।

নদীভাঙন ও সার সরবরাহে নজরদারি

নদীভাঙনসহ স্থানীয় সমস্যা দ্রুত চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া এবং খাল খনন কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

সার সরবরাহ নিয়ে সভায় বলা হয়, কৃত্রিম সংকট তৈরি করে যাতে কৃষকদের ভোগান্তিতে পড়তে না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। কৃষকেরা যাতে সময়মতো সার পান, তা নিশ্চিত করতে জেলা ও উপজেলা প্রশাসনকে কার্যকর ভূমিকা রাখার নির্দেশ দেওয়া হয়।

সার ডিলার নিয়োগ ও বিতরণসংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬ অনুযায়ী শূন্য পদে দ্রুত ডিলার নিয়োগে সংশ্লিষ্ট জেলা ও উপজেলা কমিটিগুলোকে সক্রিয় করার পরামর্শ দেওয়া হয়।

পরিচ্ছন্নতায় গুরুত্ব

জেলার পরিচ্ছন্নতা কার্যক্রমেও বিশেষ গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। ময়লা-আবর্জনা ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতার ক্ষেত্রে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আরও দায়িত্বশীল ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

মীর শাহে আলম বলেন, ‘আমরা সবাই সমন্বিতভাবে কাজ করলে জেলার উন্নয়ন কার্যক্রম আরও বেগবান করা সম্ভব হবে।’

তৃণমূল পর্যায়ের মানুষের সমস্যা ও সম্ভাবনা সরেজমিনে দেখার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, তিনি সংশ্লিষ্ট জেলাগুলো সফর করে বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও জনসেবার বাস্তব পরিস্থিতি পরিদর্শন করবেন।

জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, গাইবান্ধার জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান, রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহানসহ সংশ্লিষ্ট জেলা ও রংপুর বিভাগের পুলিশ কর্মকর্তাদের প্রতিনিধিরা অংশ নেন।

Facebook Comments Box

Posted ৭:২১ এএম | সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।