বুধবার ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ব্যাটারিচালিত রিকশা মহানগরের বাইরে নেওয়ার চিন্তা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় ডেস্ক   |   মঙ্গলবার, ০২ জুন ২০২৬   |   প্রিন্ট   |   5 বার পঠিত

ব্যাটারিচালিত রিকশা মহানগরের বাইরে নেওয়ার চিন্তা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্যাটারিচালিত রিকশা মহানগর এলাকার বাইরে নেওয়ার চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এমন মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ব্যাটারিচালিত রিকশা মহানগর (মেট্রো) এলাকার বাইরে পাঠানোর চিন্তাভাবনা চলছে। এতে নতুন করে কেউ বেকার হবে না, বরং ট্রাফিক ব্যবস্থারও উন্নতি হবে।

সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ঢাকার যানজট নিয়ন্ত্রণের চেষ্টা করছে, একই সময়ে ঢাকায় লাখ লাখ অটোরিকশা চললে যানজট নিয়ন্ত্রণ সম্ভব হবে কি না—সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন করেন সাংবাদিকেরা।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে রাতারাতি হাজার হাজার অটোরিকশা (ব্যাটারিচালিত রিকশা) রাস্তায় নেমে গেছে। বেকারত্ব এবং মানবিক দিক বিবেচনা করে তাদের রাতারাতি উচ্ছেদ করা কঠিন। অন্তর্বর্তী সরকারের সময়েও অটোরিকশা নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছিল। সালাহউদ্দিন আহমদ বলেন, যেহেতু হাজার হাজার মানুষ, বেকার সমস্যা বেশি; তাই অটোরিকশাচালকদের পুনর্বাসন না করে রাতারাতি বেকার করে দিলে সমস্যা সৃষ্টি হবে। সে জন্য সরকার চেষ্টা করছে তাদের মহানগর এলাকার বাইরে অন্যভাবে পুনর্বাসন করতে; যাতে বেকারত্ব তৈরি না হয়, ট্রাফিকেরও কোনো সমস্যা না হয়।

ট্রাফিক ব্যবস্থাপনায় এআই প্রযুক্তি ব্যবহার করায় ঢাকার যানজট নিরসনে ‘বৈপ্লবিক পরিবর্তনের’ কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এআই প্রয়োগ করে ট্রাফিক নিয়ন্ত্রণ শুরু হয়েছে। অটোমেশনের (স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা) সুফল ইতিমধ্যে জনগণ পেতে শুরু করেছে। তিনি আরও জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং বুয়েটের (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়) বিশেষজ্ঞদের সমন্বয়ে এই প্রযুক্তি তৈরি করা হচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যে ঢাকার ট্রাফিক ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আসবে। রাতের বেলায়ও চালকদের ট্রাফিক সিগন্যাল মেনে চলার প্রবণতা বেড়েছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ডিজিটাল পদ্ধতিতে স্বয়ংক্রিয় মামলা হওয়ার কারণে জনসচেতনতা বেড়েছে।

রাজধানীর পল্লবী এলাকায় নৃশংসভাবে শিশু হত্যার ঘটনায় বিচারকাজ দ্রুততম সময়ে শেষ করার বিষয়েও আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বর্তমানে মামলাটির বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে। বিচারাধীন বিষয়ে মন্তব্য করা সঠিক নয়। তবে সরকারের পক্ষ থেকে তদন্ত কর্মকর্তা ও সাক্ষীদের আদালতে উপস্থিত করাসহ প্রয়োজনীয় সব সহযোগিতা দেওয়া হচ্ছে। সংক্ষিপ্ত সময়ের মধ্যে এ বিচারকাজ শেষ হবে।

অন্য দেশের সীমান্তে অবৈধ অনুপ্রবেশে সীমান্ত হত্যা নয়

বর্ডার কিলিং বা সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নিয়ে আসা হবে বলে সরকারের পক্ষ থেকে বলা হলেও এখনো সীমান্ত হত্যা চলছে। এ বিষয়ে সরকারের বক্তব্য কী জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা যেটাকে বর্ডার কিলিং বলছেন, সে সম্পর্কে যদি আপনারা বিস্তারিত জানেন, তাহলে খুশি হব। বর্ডার কিলিং হচ্ছে—যদি অন্য দেশের বাহিনী কর্তৃক আমাদের সীমান্তে অথবা জিরো লাইনে এসে কিলিং করে, সেটাকে আমরা বর্ডার কিলিং বলতে পারি। কিন্তু যদি আমাদের সীমানার অভ্যন্তরে এবং তাদের সীমানার অভ্যন্তরে কোনো রকমের কোনো অপরাধে কেউ জড়িত থাকে, যদি কেউ ইললিগ্যাল ট্রেসপাস (অনুপ্রবেশ) করে যায়, সেটা তারা (সীমান্তরক্ষী বাহিনী) কীভাবে অ্যাড্রেস করবে, তা তাদের দেশীয় আইনে করবে। এটাকে বর্ডার কিলিং বলা ঠিক হবে না।’

সীমান্তে পুশ ইনের চেষ্টা চলছে বলে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা এগুলো শুনতে পাচ্ছি। বর্ডারে আমাদের বিজিবি অ্যালার্ট আছে। আমরা যেকোনো রকমের পুশ ইন বা পুশব্যাকের বিপক্ষে।

জঙ্গল সলিমপুর সম্পর্কে এক প্রশ্নের উত্তরে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা এটা নিয়ে পরিকল্পনা এখনো ফাঁস করতে চাচ্ছি না। কারণ, এগুলো ফাঁস হয়ে গেলে পরে আমাদের এ সমস্ত রেসকিউ অভিযানে একটু অসুবিধা হয় এবং অপারেশনে অসুবিধা হয়। তবে ওখানে সন্ত্রাসীদের কোনো আস্তানা আমরা রাখব না। এটা নির্মূল করা হবে।’

Facebook Comments Box

Posted ৩:৫০ এএম | মঙ্গলবার, ০২ জুন ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(322 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।