বিশ্ব ডেস্ক | মঙ্গলবার, ০২ জুন ২০২৬ | প্রিন্ট | 3 বার পঠিত

লেবাননে বিমান হামলা বন্ধের বিষয়ে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর সেই আহ্বানে ‘না’ বলার এখনই উপযুক্ত সময় বলে মনে করেন ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গভির। ট্রাম্পকে ‘না’ বলতে তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতিও আহ্বান জানিয়েছেন।
বেন-গভির ইসরায়েলের উগ্র-ডানপন্থী ও কট্টর জাতীয়তাবাদী নেতা হিসেবে পরিচিত। মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্সে নেতানিয়াহুকে উদ্দেশ্য করে তিনি একটি পোস্ট দিয়েছেন। লিখেছেন, ‘আপনি (নেতানিয়াহু) নিজেই বলেছিলেন, তিনিই একজন শক্তিশালী প্রধানমন্ত্রী যিনি মার্কিন প্রেসিডেন্টকে সম্ভব হলে হ্যাঁ বলেন, আর প্রয়োজন হলে না বলেন।’
নেতানিয়াহুকে এ কথা স্মরণ করিয়ে দিয়ে বেন-গভির লিখেছেন, ‘আমাদের বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পকে না বলার এখনই উপযুক্ত সময়।’ এর আগে সোমবার ট্রাম্প জানান, তাঁর আহ্বানে লেবাননে হামলা বন্ধের বিষয়ে রাজি হয়েছে ইসরায়েল। নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট ‘বদ্ধ উন্মাদ’সহ অপ্রকাশযোগ্য শব্দও ব্যবহার করেন।
বেন-গভির লিখেছেন, ‘হিজবুল্লাহর ওপর আঘাত হানতে, আমাদের যোদ্ধাদের আরও শক্তিশালী করতে হবে। উত্তরাঞ্চলে নিরাপত্তা ফিরিয়ে আনার জন্য যা যা করা দরকার, এখন ঠিক তাই করার সময় এসেছে।’
সম্প্রতি গাজা অভিমুখী একটি ত্রাণবাহী জাহাজ জব্দ এবং এতে থাকা ব্যক্তিদের আটকের পর উপহাস করেন বেন-গভির। এ কারণে তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন। তাঁর সেই আচরণের নিন্দা জানান খোদ বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশও ক্ষোভ প্রকাশ করে।
Posted ৩:৩৯ এএম | মঙ্গলবার, ০২ জুন ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।