মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

নাহিদের ৫ উইকেট, ১৯৮ রানে অলআউট নিউজিল্যান্ড

খেলাধুলা ডেস্ক   |   সোমবার, ২০ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   4 বার পঠিত

নাহিদের ৫ উইকেট, ১৯৮ রানে অলআউট নিউজিল্যান্ড

নাহিদ রানার পাঁচ উইকেটের দিনে ৪৮.৪ ওভারে ১৯৮ রানে অলআউট হয়েছে নিউজিল্যান্ড। কিউইদের হয়ে মূলত একাই লড়াই করেছেন নিক কেলি। তার ১০২ বলে ৮৩ রানের ইনিংসেই দুইশ’র কাছাকাছি পুঁজি পেয়েছে কিউইরা।

এদিন কিউই শিবিরকে অস্বস্তিতে রাখেন নাহিদ রানা। ৩২ রান খরচায় পাঁচ উইকেটের কীর্তি গড়েন নাহিদ রানা। ২৯ রান খরচায় দুটি উইকেট নেন শরিফুল ইসলাম। তাসকিন আহমেদ, সৌম্য এবং রিশাদ হোসেন একটি করে উইকেট নেন।

নাহিদের ৫ উইকেট, ৯ উইকেট নেই কিউইদের

মিরপুরে বল হাতে যেন আগুন ঝরাচ্ছেন নাহিদ রানা। জেডেন লেনক্সকে সরাসরি বোল্ড করে ইনিংসে নিজের ৫ উইকেট পূর্ণ করেছেন তিনি। এটি তার ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট শিকার। ইতোমধ্যে ৯ উইকেট হারিয়ে অলআউট হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে সফরকারী নিউজিল্যান্ড।

শরিফুলে অষ্টম উইকেট নেই নিউজিল্যান্ডের

শরিফুলের ডেলিভারিতে বদলি ফিল্ডার আফিফকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন টিকনার। ১১ বলে ১২ রান করেন তিনি।

১৬৪ রানে ৭ উইকেট নেই কিউইদের

ইনিংসের ৩৭তম ওভারে ভয়ংকর হয়ে ওঠা নিক কেলিকে সাজঘরে ফেরান শরিফুল ইসলাম। তাওহিদ হৃদয়ের তালুবন্দি হওয়ার আগে ১০২ বলে ৮৩ রান করেন তিনি। কেলির বিদায়ের ধাক্কা সামলাতে না সামলাতেই পরের ওভারে আঘাত হানেন রিশাদ হোসেন। তার ডেলিভারিতে কাট করতে গিয়ে মিরাজের হাতে সহজ ক্যাচ দেন জশ ক্লার্কসন। ৫ বলে মাত্র ৬ রান করে ফেরেন তিনি।

পরপর দুই উইকেট হারিয়ে চাপে পড়া নিউজিল্যান্ডকে আরও কোণঠাসা করে দেন নাহিদ রানা। ওভারের প্রথম ডেলিভারিতেই ফক্সক্রফটকে ফেরান তিনি। মিরাজের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে ৩৫ বলে ১৫ রান করেন ফক্সক্রফট। এটি ম্যাচে রানার চতুর্থ শিকার। এতে ১৬৪ রান তুলতেই ৭ উইকেট নেই কিউইদের।

লিটনের দুর্দান্ত ক্যাচে নাহিদের আরেকটি উইকেট

নাহিদ রানার বলে উড়িয়ে মারতে চেয়েছিলেন আব্বাস। কিন্তু ব্যাটে-বলে ঠিকমতো সংযোগ না হওয়ায় বল উঠে যায় আকাশে। অনেকটা দৌড়ে এসে দুর্দান্ত এক ডাইভ দিয়ে তা নিরাপদে গ্লাভসবন্দি করেন লিটন দাস। সাজঘরে ফেরার আগে ৩৪ বল খেলে ১৯ রান করেন এই কিউই ব্যাটার।

কেলির হাফ সেঞ্চুরি

২৬.১ ওভারে দলীয় শতক পূরণ করে নিউজিল্যান্ড। আব্বাসের সঙ্গে কেলির জুটিতে পঞ্চাশ রান ওঠে একই ওভারেই। কেলি ২৭তম ওভারের শেষ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন। ৬৬ বলে করা হাফ সেঞ্চুরিটি তার পাঁচ ওয়ানডের ক্যারিয়ারে প্রথম।

লিটনের দুর্দান্ত ক‍্যাচে ফিরলেন ল‍্যাথাম

কিউই অধিনায়ক টম ল্যাথামকে ফেরালেন সৌম্য সরকার। উইকেটের পেছন ক্যাচ নেন লিটন দাস। ৩৫ বলে ১৪ রান করেন ল্যাথাম। ৫২ রানে তৃতীয় উইকেট হারায় নিউজিল্যান্ড।

কিউই শিবিরে জোড়া আঘাত নাহিদ রানার

নিকোলসের পর এবার উইল ইয়াংকে ফিরিয়েছেন নাহিদ রানা। নিজের আগের ওভারের মত দ্বিতীয় ওভারের প্রথম বলেও উইকেট পেলেন তিনি। সৌম্যের ক্যাচ হয়ে ফেরার আগে ৭ বল খেলে ২ রান করেন তিনি। ১০ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ২৮ রান। ল্যাথাম ০ রানে এবং নিক কেলি ৮ রানে ব্যাট করছেন।

প্রথম ডেলিভারিতেই রানার শিকার নিকোলস

ম্যাচে নিজের স্পেলের প্রথম ডেলিভারিতেই কিউই ওপেনার হেনরি নিকোলসকে ফেরালেন নাহিদ রানা। এলবিডব্লিউর ফাঁদে ২৬ বলে ১৩ রান করে ফেরেন এই কিউই ওপেনার। ৮ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ১ উইকেটে ২৬ রান। উইল ইয়াং ১ রানে এবং নিক কেলি ৮ রানে ব্যাট করছেন।

এর আগে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। আজকের ম্যাচে বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে। প্রথম ওয়ানডেতে ৪৯ বল খেলে কোনো বাউন্ডারি ছাড়াই ২৭ রানের ধীরগতির ইনিংস খেলা আফিফ হোসেনকে বাদ দেওয়া হয়েছে। তার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার। এর মাধ্যমে প্রায় ছয় মাস পর জাতীয় দলের জার্সিতে মাঠে নামছেন তিনি। ২০২৩ সালের ২৩ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন সৌম্য। অন্যদিকে, অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে সফরকারী নিউজিল্যান্ড।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে ২৬ রানে হেরে ইতোমধ্যেই সিরিজে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। তাই মিরাজদের জন্য আজকের ম্যাচটি আক্ষরিক অর্থেই ‘ডু অর ডাই’। এই ম্যাচে হারলেই এক ম্যাচ বাকি থাকতে সিরিজ হাতছাড়া হয়ে যাবে স্বাগতিকদের। তাই সিরিজে টিকে থাকতে হলে আজ জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের সামনে।

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

নিউজিল্যান্ড একাদশ: টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), উইল ইয়াং, হেনরি নিকোলস, নিক কেলি, মুহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, জেডন লেনক্স ও উইলিয়াম ও’রোক।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ১১:৪৬ এএম | সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।