খেলাধুলা ডেস্ক | শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 77 বার পঠিত

ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিনটা ইংল্যান্ডের জন্য শুধুই আক্ষেপের। বোলাররা সুযোগ তৈরি করলেন বারবার, কিন্তু ফিল্ডারদের ‘পিচ্ছিল’ হাতে তা ফসকে গেল বারবার। একটি-দুটি নয়, গুনে গুনে পাঁচটি ক্যাচ মিসের মাশুল দিতে হলো সফরকারীদের। আর সেই সুযোগে ইংল্যান্ডের ৩৩৪ রান টপকে দিন শেষে ৪৪ রানের লিড নিয়েছে অস্ট্রেলিয়া।
দ্বিতীয় দিন শেষে স্টিভ স্মিথের দলের সংগ্রহ ৬ উইকেটে ৩৭৮ রান। ব্রিসবেনে টানা নবম অ্যাশেজ টেস্টে প্রথম ইনিংসে লিড নেওয়ার কৃতিত্ব দেখাল অজিরা।
ইংলিশদের ক্যাচ মিসের শুরুটা ট্রাভিস হেডকে দিয়ে। মাত্র ৩ রানে আর্চারের বলে জেমি স্মিথের ভুলে জীবন পান তিনি। হেড (৩৩) বড় কিছু করতে না পারলেও আসল ক্ষতিটা করেছেন অ্যালেক্স ক্যারি। ইনিংসের প্রথম বলেই গালিতে বেন ডাকেটের হাতে জীবন পান এই উইকেটকিপার। পরে ২৫ রানে স্লিপে তাকে ফেরাতে ব্যর্থ হন জো রুটও। দুইবার জীবন পেয়ে ৪৬ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন ক্যারি। এছাড়া জশ ইংলিশ (২৩) ও দিনশেষে অপরাজিত থাকা মাইকেল নেসারও (১৫*) ফিল্ডারদের ব্যর্থতায় বেঁচে গেছেন।
ফিল্ডারদের ব্যর্থতার দিনে ব্যাট হাতে দাপট দেখিয়েছেন অজি টপ অর্ডার। ওপেনার জ্যাক ওয়েদারাল্ড ক্যারিয়ারের প্রথম ফিফটি (৭২) তুলে নেন। তিনে নামা মারনাস লাবুশন (৬৫) ও অধিনায়ক স্টিভ স্মিথ (৬১) দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন। লাবুশেন এদিন বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে দিবারাত্রির টেস্টে ১ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেছেন।
ক্যাচ ফসকানোর দিনে অবশ্য একটি অবিশ্বাস্য ক্যাচও দেখেছে গ্যালারি। ব্রাইডন কার্সের বলে ডিপ স্কয়ার লেগে এক হাতে ছোঁ মেরে স্মিথকে ফেরান উইল জ্যাকস।
ইংল্যান্ডের হয়ে কার্স ৩টি এবং বেন স্টোকস ২ উইকেট শিকার করেন। দিন শেষে ৪৪ রানে এগিয়ে থেকে সুবিধাজনক অবস্থানে স্বাগতিকরা। তৃতীয় দিনে ক্যারি ও নেসারের ব্যাটে লিড আরও বড় করার অপেক্ষায় অস্ট্রেলিয়া।
Posted ২:০৭ এএম | শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।