ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ইয়ানসেনের তোপে বেহাল দশা ভারতের

খেলা ডেস্ক   |   সোমবার, ২৪ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   65 বার পঠিত

ইয়ানসেনের তোপে বেহাল দশা ভারতের

ঘরের মাঠে অপ্রতিরোধ্য দল ভারত। হোক সেটা সাদা কিংবা লাল বলের ক্রিকেট। বিগত এক-দেড় দশক কর্তৃত্ব করা ভারত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের ফাঁদে আটকা পড়েছে। নিঁখাদ বোলিং উইকেট বানিয়ে কলকাতা টেস্টে বিপর্যস্ত হয়েছে তারা। গোহাটিতে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মার্কো ইয়ানসেনের তোপে পড়েছে। ব্যাটিং বিপর্যয়ে পড়ে তৃতীয় দিনই বড় হারের পথে পা বাড়িয়েছে গৌতম গম্ভীরের দল।

বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৪৮৯ রানের বিশাল সংগ্রহ পায় টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী দক্ষিণ আফ্রিকা। জবাবে ভারত প্রথম ইনিংসে ২০১ রানে অলআউট হয়েছে। বাঁ-হাতি প্রোটিয়া পেসার মার্কো ইয়ানসেন একাই ৬ উইকেট তুলে নিয়েছেন। স্পিনার সিমন হার্মার নিয়েছেন ৩ উইকেট।

টস জিতে ব্যাটিং নেমে প্রোটিয়াদের টপ ও মিডল অর্ডারের পাঁচ ব্যাটার সেট হয়ে সাজঘরে ফিরে যান। ওপেনার এইডেন মার্করাম ও রায়ান রিকেলটন যথাক্রমে ৩৮ ও ৩৫ রান যোগ করেন। তিনে নামা ত্রিস্তান স্টাবস ৪৯ রান করে আউট হন। একই পথ ধরেন অধিনায়ক টেম্বা বাভুমা (৪১) ও টর্নি ডি জর্জি (২৮)।

দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে ৬ উইকেট হারায়। সেখান থেকে দলকে রান পাহাড়ে তোলেন স্পিনার সিনুরান মুথুস্বামী ও মার্কো ইয়ানসেন। ভারতীয় বংশোদ্ভূত মুথুস্বামী ১০টি চার ও দুই ছক্কায় ১০৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। উইকেটরক্ষক কাইল ভেরায়েনে ৪৫ রান যোগ করেন। পেস অলরাউন্ডার ইয়ানসেন সাত ছক্কা ও ছয়টি চারের শটে ৯১ বলে খেলেন ৯৩ রানের দুর্দান্ত ইনিংস।

জবাব দিতে নেমে ভারত ইয়ানসেনের কোন জবাব খুঁজে পায়নি। ওপেনার কেএল রাহুল ২২ রান করেন। অন্য ওপেনার জশস্বী জয়সোয়াল ৫৮ রান করে আউট হন। ৯৫ রানে ২ উইকেট হারানো ভারত ১২২ রানে ৭ উইকেট হয়ে যায়। ব্যর্থ হয়ে একে একে সাজঘরে ফেরেন সাই সুদর্শন (১৫), ধ্রুব জুরেল (০), ঋষভ পান্ত (৭) ও রবীন্দ্র জাদেজা (৬)।

ভয়াবহ বিপর্যয় থেকে ভারত দুইশ’ রান ছাড়িয়েছে ওয়াশিংটন সুন্দর ও কুলদীপ যাদবের ব্যাটে। সুন্দর ৪৬ রানের ইনিংস খেলেন। কুলদীপ ১৩৪ বল খেলে ১৯ রান যোগ করেন। প্রথম ইনিংসে ভারতকে ফলোঅন করানোর সুযোগ পেয়েও করায়নি প্রোটিয়ারা। তারা দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২৬ রান তুলে দিন শেষ করেছে। দক্ষিণ আফ্রিকা ৩১৪ রানের বিশাল লিড নিয়ে গোহাটি টেস্টের ছড়ি হাতে রেখেছে।

Facebook Comments Box

Posted ৩:০৪ পিএম | সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।