নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 445 বার পঠিত
শিল্প খাতের জন্য বরাদ্দকৃত গ্যাস সরবরাহ কমিয়ে বিদ্যুৎ ও সার উৎপাদনের জন্য দেওয়া হচ্ছে। এতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে শিল্প কল-কারখানায়। গ্যাস না থাকায় কারখানাগুলোর উৎপাদনে ধস নেমেছে। গার্মেন্টস ও টেক্সটাইল মিলগুলোর উৎপাদন ৭০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত কমে গেছে। অনেক কারখানা বন্ধ হওয়ার পথে।
দেশের একটি বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান পেট্রোবাংলা চেয়ারম্যানকে চিঠি দিয়ে এই উদ্বেগের কথা জানিয়েছেন। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও গ্যাস সংকটের বিষয়ে পেট্রোবাংলার চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়েছে। গ্যাসের অভাবে গত কয়েক দিনে প্রায় ৪০০ গ্যাসনির্ভর কারখানা, পূর্ণক্ষমতায় উৎপাদন করতে পারছে না। বিশেষজ্ঞদের মতে, শিল্পের গ্যাস বিদ্যুৎ উৎপাদনে সরবরাহ দেশের অর্থনীতির জন্য ভয়ংকর দুসংবাদ।
গ্যাস বিতরণ কোম্পানিগুলো জানিয়েছে, তাপমাত্রা বৃদ্ধিতে বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাস সরবরাহে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এর সরাসরি প্রভাব পড়েছে দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোতে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী ফারুক জানান, দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল গাজীপুরের কারখানাগুলোয় দৈনিক ৬০০ থেকে ৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাস (এমএমসিএফডি) প্রয়োজন হয়। সেখানে সরবরাহ সীমাবদ্ধ রয়েছে মাত্র ৪৫০ মিলিয়ন ঘনফুটে ।
তিনি বলেন, সরবরাহের চেয়ে চাহিদা অনেক বেশি হওয়ায় গ্যাসের চাপ কম থাকে। পেট্রোবাংলার তথ্যমতে, বর্তমানে দেশের মোট গ্যাস চাহিদা ৩,৮০০ মিলিয়ন ঘনফুট, অথচ সরবরাহ মাত্র ২,৭০০ মিলিয়ন ঘনফুট।
পেট্রোবাংলা চেয়ারম্যানকে গত ২২ এপ্রিল দেওয়া চিঠিতে বলা হয়েছে, তিতাস গ্যাস কর্তৃপক্ষ হঠাৎ করে তিতাস নেটওয়ার্কের শিল্প কারখানাগুলোতে ১২০ মিলিয়ন ঘনফুটের বেশি গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছে। এই গ্যাস তারা বিদ্যুৎ ও সার উৎপাদনের জন্য দিচ্ছে। এতে তিতাস নেটওয়ার্কে বিশেষ করে নারায়ণগঞ্জ, ধামরাই, মানিকগঞ্জ, সাভার, কোনাবাড়ী, শফিপুর ও গাজীপুরের বেশির ভাগ রপ্তানিমুখী কারখানায় গ্যাসের চাপ শূন্যে নেমে গেছে। এতে তাদের উৎপাদন কার্যক্রম প্রায় অচল হয়ে পড়ছে। ফলে তারা ক্রেতার অর্ডার অনুযায়ী পণ্য রপ্তানি করতে পারছেন না। অতীতে এসব এলাকায় গ্যাসের চাপ কখনোই শূন্যে নামেনি।
সরেজমিন গাজীপুর, কোনাবাড়ী, শফিপুর এলাকা ঘুরে ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে গত কয়েক দিনে প্রায় ৪০০ গ্যাসনির্ভর কারখানা, প্রধানত বস্ত্র, সিরামিক ও স্টিল খাতে এখন পূর্ণক্ষমতার অনেক নিচে চলছে। অনেক উদ্যোক্তা জানান, ৭ থেকে ১৫ পিএসআইয়ের অনুমোদিত গ্যাস লোডের জন্য বিল দিয়েও ব্যাপক আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন তারা। গ্যাস সংকট, বৈশ্বিক চাহিদার পতন ও উৎপাদন ব্যয়ের ঊর্ধ্বগতির কারণে দেশের অন্তত ২০টি টেক্সটাইল মিল বিক্রির প্রক্রিয়ায় রয়েছে বলে জানা গেছে।
Posted ৪:০০ পিএম | সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।