জাতীয় ডেস্ক | বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 56 বার পঠিত

‘শুধু আমরা দুজন ছাত্র উপদেষ্টা না, আরও যারা সরকারের সঙ্গে বিভিন্নভাবে জড়িত আছেন কেউ কেউ নির্বাচন করবেন এমন কথাও আছে।’ অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এ কথা জানিয়েছেন।
বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এমন কথা জানিয়ে বলেন, ‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা কেউ নির্বাচন করতে পারবেন না এমন কোনো আইন বা বিধিনিষেধ নেই। তবে পদে থেকে নির্বাচন করা স্বার্থের সংঘাত ঘটায় বলেই নির্বাচনে অংশ নেওয়ার আগে সরকার থেকে পদত্যাগ করা প্রয়োজন।’
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘কেবল ছাত্র উপদেষ্টা নয়, অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যুক্ত আরও কেউ কেউ আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার আলোচনায় রয়েছেন।’
তিনি জানান, নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা থাকলেও কোন আসন থেকে বা কোন দলের হয়ে নির্বাচনে লড়বেন এ নিয়ে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত করেননি বলেও জানান তিনি।
নির্বাচনে প্রার্থী হওয়ার আলোচনার মধ্যেই চলতি মাসের প্রথম দিকে ঢাকা-১০ সংসদীয় আসনে ভোটার হয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ৯ নভেম্বর বিকেলে ধানমন্ডি থানার নির্বাচন কার্যালয়ে গিয়ে তিনি ভোটার হওয়ার আবেদন করেন। এর আগে তিনি কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের ভোটার ছিলেন এবং সেখান থেকেই নির্বাচন করতে চেয়েছিলেন বলে প্রচার ছিল।
সংসদ নির্বাচন সামনে রেখে ৩ নভেম্বর ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি। সেখানে কুমিল্লা-৩ আসন থেকে শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে মনোনয়ন দেওয়া হয়। তবে ঢাকা-১০ (ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ) আসনটি ফাঁকা রাখা হয়। এ আসনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীমসহ কয়েকজন মনোনয়নপ্রত্যাশী রয়েছেন। তবে জামায়াতে ইসলামী এই আসনে সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকারকে প্রার্থী ঘোষণা করেছে।
৯ নভেম্বর ধানমন্ডি থানা ও নির্বাচনী কার্যালয়ে ভোটার স্থানান্তরের আবেদন জানানোর পর সজীব ভুঁইয়া সাংবাদিকদের বলেন, ‘নিশ্চিতভাবেই এখন বলছি, আমি নির্বাচন করব। ঢাকা থেকে নির্বাচন করব, এটা মোটামুটি নিশ্চিত। সেই জায়গা থেকে নিজের ভোটটা ঢাকায় নিয়ে আসা। কারণ ভোট যেন অপচয় না হয়। কোন আসন থেকে করব এটা চূড়ান্ত হয়নি, তবে ঢাকা থেকে করব।’
কোন দল থেকে নির্বাচন করবেন জানতে চাইলে তিনি বলেন, ‘এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র নির্বাচন করার। তারপর দেখা যাক। আমার কারও সঙ্গে কোনো আলোচনা হয়নি। কে কোন আসন ফাঁকা রাখল, সেটা আমার দেখার বিষয় না। আমার সিদ্ধান্ত এককভাবেই নেব।’
ঢাকা-১০ নির্বাচনী এলাকার ভোটার কেন হলেন– এ প্রশ্নে আসিফ মাহমুদ বলেন, ‘উপদেষ্টা পদ ছাড়ার পর ধানমন্ডি এলাকায় থাকার পরিকল্পনা আছে। যেখানে থাকব, সেখানেই ভোটার হওয়া।’
সম্প্রতি গুঞ্জন তৈরি হয়, বিএনপির সঙ্গে আসন সমঝোতা হলে সরকার থেকে পদত্যাগ করে ঢাকা-১০ আসনে নির্বাচন করতে পারেন আসিফ মাহমুদ। বিএনপি এই আসনে প্রার্থী ঘোষণা না করায় গুঞ্জন আরও জোরালো হয়। আসিফ মাহমুদের এই আসনের ভোটার হতে যাওয়ার মধ্য দিয়ে গুঞ্জনটি আরও পাকাপোক্ত হচ্ছে।
Posted ৪:২১ পিএম | বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।