মঙ্গলবার ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ভামোস লিয়ান্দেস দে সান্তা ফে

খেলাধুলা ডেস্ক   |   সোমবার, ১৫ জুন ২০২৬   |   প্রিন্ট   |   2 বার পঠিত

ভামোস লিয়ান্দেস দে সান্তা ফে

ফুটবলের মহামঞ্চে বিশ্বজয়ের মহারণের জন্য নিজ নিজ দলের সঙ্গে প্রস্তুত ৪৮ টি দেশের সেরা তারকারা। যার একটি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২০২২ সালে বিশ্ব জয়ে রূপকথার মতো এক গল্প রচনা করেছে ম্যারাডোনার উত্তরসূরিরা। এবার ইতিহাসের পাতায় অনবদ্য অধ্যায় রচনার প্রতিজ্ঞা নিয়ে প্রস্তুত ফুটবল ইতিহাসের জীবন্ত কিংবদন্তী লিওনেল মেসির বাহিনী।

দ্য লাস্ট ট্যাঙ্গো অব লিও বা মেসির সম্ভাব্য শেষবার বিশ্বকাপের মঞ্চে অবতীর্ণ হওয়ার লগ্ন এবারের ফুটবল বিশ্বকাপের আসর। তাই টানা দ্বিতীয়বার ট্রফি জয়ের মধ্যদিয়ে ফুটবলের এই মহাতারকাকে তার উচ্চতায় বিদায় বলতে চায় আলবেসিলেস্তেরা।

এমন সময় নানাভাবে দল আর খেলোয়াড়দের অনুপ্রাণিত করছেন ভক্ত-সমর্থকরা। যার একটি সম্প্রতি ঝড় তুলেছে মেসিভক্ত নেটিজেনদের বুকে। ইন্সটাগ্রামে বিভিন্ন আইডি থেকে পোস্ট করা একটি ভিডিও ক্লিপ, হৃদয়ে আকাশী নীল-সাদায় মাখানো আবেগের ঢেউ তুলেছে আর্জেন্টিনার সমর্থকদের। ভিডিও ক্লিপটিতে তুলে ধরা হয়েছে দুইজন ব্যক্তির হৃদয়ের অকৃত্রিম বন্ধনের দৃশ্য। সময়ের সঙ্গে যাদের অবস্থান বদলেছে মাত্র। কিন্তু লক্ষ্য আজো অভিন্ন। একজন আর্জেন্টিনা দলের বর্তমান কোচ লিওনেল স্কালোনি। যার হাত ধরে হতাশা আর অপ্রাপ্তির বাধা ভেঙে সুপার সোলজার্সের মতো জেগে ওঠা আলবিসেলেস্তেরা লাতিন, ইউরোপ হয়ে কাতারের মাটিতে গোটা বিশ্ব ফুটবলের সাম্রাজ্য নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা ই নিশ্চিত করে।

আরেকজন ঐশ্বরিক নন্দনে নন্দিত, ফুটবলের সর্বকালের সেরা, জীবন্ত কিংবদন্তী লিওনেল মেসি। যেই ফিনিক্স পাখির পিঠে চরে একের পর এক প্রতিপক্ষকে দুমড়েমুষড়ে দিয়ে বিশ্বফুটবলের শাসক হয়ে ওঠে আর্জেন্টাইন বীরেরা।

ভিডিওতে দু’জন ব্যক্তির সময়ের দু’প্রান্তের দুটি চিত্র দেখানো হয়েছে। যাদের দুজনেই জন্মেছেন আর্জেন্টিনার সান্তা ফে প্রদেশে। সময়ের এক পাশে সেখানে ২০০৬ সালের বিশ্বকাপে আর্জেন্টিনা জাতীয় দলের দুই খেলোয়াড় স্কালোনি-মেসির টিকিটাকা আর ম্যাচ জয়ের আনন্দ ভাগ করে নেওয়ার দৃশ্য। অন্যপ্রান্তে আবারো একটি বিশ্বকাপের মঞ্চে দুজন। এবার তারা উপহার দিলেন বিশ্বজয়ীদের আলিঙ্গন। যেখানে কোচের ভূমিকায় স্কালোনি আর তার মহাশিষ্য রূপে দলের সেনাপতি মেসি। সেদিনের সেই ম্যাচে এক সাথে খেলা এই দু’জন মানুষ কোনোদিনও কি ভেবেছিলেন এমন কোনো মূহুর্তের কথা যেখানে তাদের জুটিতে আর্জেন্টিনাকে বিশ্বজয়ী হিসেবে ইতিহাসে অমর করবেন বিধাতা?

দৃশ্যে যাই থাক। ভিডিও চিত্রের আড়ালে সমর্থকদের সম্মিলিত আবেগের হাসি-কান্নারা যেন বলছে, আরো একবার অথবা হয়তো শেষবার এই জুটির দেওয়া উপহার প্রাণ ভরে উপভোগের অপেক্ষায় তারা। আরো একবার অথবা শেষবার….হয়তো তাই। মঞ্চ প্রস্তুত, লগ্ন নিকটে। তবে বিশ্ব দেখুক ফুটবলের মহাযজ্ঞের স্বর্ণপাতে শ্রেষ্ঠত্বের ফলকে লেখা অপ্রতিদ্বন্দ্বি, অনবদ্য এক মহাতারকা লিওনাল মেসির নাম। আর কলমটা ঈশ্বর তুলে দিয়েছেন স্কালোনির হাতে।

Facebook Comments Box

Posted ৭:০৫ পিএম | সোমবার, ১৫ জুন ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।