শুক্রবার ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

‘বারবার নাদিয়াকে বলছিলাম, বিশ্বাসই হচ্ছে না আমরা সত্যিই বিশ্বকাপ ম্যাচ দেখছি’

বিনোদন ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬   |   প্রিন্ট   |   4 বার পঠিত

‘বারবার নাদিয়াকে বলছিলাম, বিশ্বাসই হচ্ছে না আমরা সত্যিই বিশ্বকাপ ম্যাচ দেখছি’

বিশ্বকাপের উত্তাপ এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের নানা প্রান্তে। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত চলমান আসরে গ্যালারিতে বসে আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসির খেলা উপভোগ করার সুযোগ পেয়েছেন দেশের জনপ্রিয় অভিনেতা এফএস নাঈম। স্ত্রী অভিনেত্রী নাদিয়া আহমেদকে সঙ্গে নিয়ে আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে উপস্থিত ছিলেন তিনি। আর কাছ থেকে মেসির হ্যাটট্রিক দেখার অভিজ্ঞতা এখনো যেন রোমাঞ্চ ছড়াচ্ছে তার কণ্ঠে।

ম্যাচ শেষে নাদিয়া আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যমে স্টেডিয়াম থেকে তোলা কয়েকটি ছবি প্রকাশ করলে তা মুহূর্তেই ভক্তদের নজর কাড়ে। এরপর সেই অভিজ্ঞতার নানা গল্প শোনান এফএস নাঈম।

নাঈম জানান, তিনি বেশ কিছুদিন ধরেই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। ঈদের আগেই সেখানে যান নাদিয়া আহমেদ। শুরুতে এটি ছিল পারিবারিক একটি ভ্রমণের পরিকল্পনা। পরে নাদিয়ার ছোট বোন নন্দিতা ও তার স্বামীকে নিয়ে সেটি রূপ নেয় এক স্মরণীয় বিশ্বকাপ অভিযানে।মজার বিষয় হলো, চারজনের কেউই একই দলের সমর্থক নন। নাঈম বলেন, আমরা সবাই ভিন্ন ভিন্ন দলের সমর্থক। নন্দিতা জার্মানির সমর্থক, আমিও জার্মানির পক্ষেই থাকি। নাদিয়া আর্জেন্টিনাকে সমর্থন করে আর নন্দিতার স্বামী ব্রাজিলের ভক্ত। তাই আমরা নিজেদের পছন্দের দলগুলোর ম্যাচের টিকিটের জন্য আবেদন করেছিলাম।

বিশ্বকাপের টিকিট লটারির মাধ্যমে বরাদ্দ হওয়ায় প্রত্যেকে আলাদাভাবে আবেদন করেছিলেন। শেষ পর্যন্ত ভাগ্য যেন তাদের জন্য বিশেষ একটি চমকই জমা রেখেছিল।

‘সৌভাগ্যক্রমে আমরা বুধবারের আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচের টিকিট পেয়ে যাই। আর সেই সুবাদে সরাসরি মেসির জাদু দেখার সুযোগ মিলেছে,’ বলেন নাঈম।

তার ভাষায়, বিশ্বকাপের ম্যাচ মাঠে বসে দেখা ছিল বহুদিনের স্বপ্ন।

‘স্টেডিয়ামে বসে বিশ্বকাপ দেখা আমার জন্য বিশাল একটি ব্যাপার। আমাদের সবার জন্যই এটি ছিল অসাধারণ এক অভিজ্ঞতা,’ বলেন তিনি।

ম্যাচের আগে তারা কয়েক ঘণ্টা কাটান ফিফা ফ্যান ফেস্টিভ্যালে। সেখানে ছিল উৎসবমুখর পরিবেশ, লাইভ কনসার্ট, ফুটবল-সংশ্লিষ্ট নানা আয়োজন, স্মারক সামগ্রী ও বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা।

নাঈম বলেন, “বিকেল থেকে আমরা ফ্যান ফেস্টিভ্যালে ছিলাম। যারা টিকিট পাননি, তারাও সেখানে খেলা দেখছিলেন। বিভিন্ন আকর্ষণীয় স্থাপনায় ছবি তুলেছি, সময়টা দারুণ কেটেছে।”

পরে ফিফার শাটল সার্ভিসে করে তারা স্টেডিয়ামে পৌঁছান।

‘সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে আমরা স্টেডিয়ামে যাই। খেলা শুরু হয় রাত ৮টায়। পুরো স্টেডিয়াম ছিল দর্শকে পরিপূর্ণ। আমাদের আসনও ছিল খুব ভালো জায়গায়। এটা ক্লাব ফুটবল নয়, বিশ্বকাপ। বারবার নাদিয়াকে বলছিলাম, বিশ্বাসই হচ্ছে না আমরা সত্যিই বিশ্বকাপের ম্যাচ দেখছি,’ বলেন তিনি।

স্টেডিয়ামের পরিবেশ নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন নাঈম। তার মতে, চারপাশে ছিল আর্জেন্টিনা সমর্থকদের আধিপত্য।

‘আমার আশপাশে বসা প্রায় ৯০ শতাংশ দর্শকই আর্জেন্টিনার সমর্থক ছিলেন। আলজেরিয়ার সমর্থক ছিল খুবই কম। বেশিরভাগ মানুষ মোবাইলে মুহূর্তগুলো ধারণ করছিলেন। আর আমি শুধু চুপচাপ মেসিকে দেখছিলাম,’ বলেন অভিনেতা।

Facebook Comments Box

Posted ১:৫২ এএম | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।