মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ফার্স্ট হুইসেলে কতটা জমাতে পারলেন রাফী?

বিনোদন ডেস্ক   |   সোমবার, ০৯ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   2 বার পঠিত

ফার্স্ট হুইসেলে কতটা জমাতে পারলেন রাফী?

জীবনের গল্প থেকেই সিনেমার উপাদান খুঁজে নিতে ভালোবাসেন নির্মাতা রায়হান রাফী। তাঁর বিশ্বাস, বাস্তব জীবন থেকে উঠে আসা গল্পই দর্শকের সঙ্গে সবচেয়ে সহজে সংযোগ তৈরি করতে পারে। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমার সিনেমা জীবন থেকে গল্প নিয়ে বানানো হয়। তাই দর্শকরা চরিত্রগুলোর সঙ্গে নিজেদের মিল খুঁজে পান, নিজেদের গল্পও যেন সেখানে দেখতে পান।’

এই কথার বাস্তব প্রমাণ মিলেছে তাঁর নির্মিত একাধিক সিনেমায়। ‘পোড়ামন ২’, ‘পরাণ’, ‘দামাল’, ‘সুড়ঙ্গ’, ‘তুফান’ ও ‘তাণ্ডব’—প্রতিটি সিনেমাই দর্শকের মধ্যে আলাদা করে আলোচনার জন্ম দিয়েছে। গল্প বলার ধরন, নির্মাণশৈলী এবং আবেগঘন উপস্থাপনায় রাফী ঢাকাই সিনেমায় নিজের একটি আলাদা জায়গা তৈরি করেছেন।

ফলে ভিন্নধারার গল্প কিংবা নির্মাণে নতুনত্বের প্রত্যাশায় এখন অনেক দর্শকই তাকিয়ে থাকেন রাফীর দিকেই। সেই আস্থাকে সঙ্গী করেই প্রতিবার নতুন কিছু করার চেষ্টা করেন এই নির্মাতা।

আসন্ন ঈদেও ভিন্ন পথে হাঁটলেন তিনি। যখন অন্য নির্মাতারা বড় তারকা ও বড় বাজেটের সিনেমা নিয়ে প্রস্তুতি নিচ্ছেন, তখন রাফী হাজির হচ্ছেন নারীপ্রধান গল্প নিয়ে নির্মিত নতুন সিনেমা ‘প্রেশার কুকার’ নিয়ে। সিনেমাটিতে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত।

নারীকেন্দ্রিক গল্পের এই সিনেমার পোস্টার প্রকাশের পর থেকেই আলোচনায় ছিল ‘প্রেশার কুকার’। সেই আলোচনা আরও তুঙ্গে ওঠে গেল শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় সিনেমাটির প্রায় দেড় মিনিটের একটি টিজার প্রকাশের পর। তবে নির্মাতা এটিকে টিজার না বলে নাম দিয়েছেন ‘ফার্স্ট হুইসেল’।

ভিডিওটি প্রকাশের সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা-প্রতিক্রিয়ার ঝড়। চলচ্চিত্রভিত্তিক বিভিন্ন গ্রুপ ও পেজে সিনেমাটি নিয়ে প্রশংসা করতে দেখা গেছে অনেক দর্শককে। কেউ কেউ আবার এটিকে আসন্ন ঈদের অন্যতম আলোচিত সিনেমা বলেও মন্তব্য করছেন।

‘প্রেশার কুকার’-এর ‘ফার্স্ট হুইসেল’ দেখে একজন লিখেছেন, ‘এটা দেখে তো আমারই প্রেশার বেড়ে গেল।’ আরেকজনের মন্তব্য, ‘ঈদের সবচেয়ে ডিফারেন্ট গল্পের ছবি হতে যাচ্ছে।’ আবার কেউ বিস্ময় প্রকাশ করে লিখেছেন, ‘ভাইরে ভাই, এটা কী ছিল! পুরাই মালায়ালাম সিনেমার ফিল পাইলাম। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক তো ফাটায় ফেলছে।’

দেড় মিনিটের এই ‘ফার্স্ট হুইসেল’-এ চার প্রধান নারী চরিত্রের পাশাপাশি দেখা মিলেছে আরও বেশ কয়েকজন গুণী অভিনয়শিল্পীর। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, আজিজুল হাকিব ও সাবেরী আলম।

সব মিলিয়ে বলা যায়, মুক্তির আগেই ‘প্রেশার কুকার’-এর ‘ফার্স্ট হুইসেল’ দর্শকদের আগ্রহ অনেকটাই বাড়িয়ে দিয়েছে। এখন দেখার বিষয়—ঈদে সিনেমাটি মুক্তির পর সেই উত্তাপ কতটা ধরে রাখতে পারেন নির্মাতা রাফী।

Facebook Comments Box

Posted ৪:০৩ পিএম | সোমবার, ০৯ মার্চ ২০২৬

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।