ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

জড়িত নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে এনসিপি

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   240 বার পঠিত

জড়িত নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে এনসিপি

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কিছু নেতাকর্মী। এর প্রতিবাদে পরে দলটির সংবাদ সম্মেলন বয়কট করেন সাংবাদিকরা। গতকাল বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে  বিমানবন্দরের ভিআইপি গেটের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এনসিপির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে বলা হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দায়ীদের চিহ্নিত করার কাজ চলছে। প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিয়ে এদিন ঢাকায় ফেরেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা এই সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন।

সফর শেষে ফিরে আসা দুই নেতাকে অভ্যর্থনা জানাতে সকাল পৌনে ৯টায় বিমানবন্দরে যান এনসিপির ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা। বুধবার রাতে দলটির পক্ষ থেকে সংবাদ সংগ্রহের আমন্ত্রণ জানানো হয়েছিল সাংবাদিকদের।

প্রত্যক্ষদর্শী এক সাংবাদিক সমকালকে বলেন, বিমানবন্দরের ভিআইপি গেটে বিএনপির হুমায়ুন কবির জাতিসংঘ সফরের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করছিলেন। এ সময় সেখানে উপস্থিত এনসিপির নেতাকর্মীরা উচ্চ স্বরে স্লোগান দিচ্ছিলেন। তখন বেসরকারি একটি টেলিভিশনের এক সাংবাদিক তাদের থামতে অনুরোধ করেন। এ নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে এনসিপির নেতাকর্মীরা গণমাধ্যমকর্মীদের ওপর চড়াও হন। এ ঘটনার প্রতিবাদে দলটির সংবাদ সম্মেলন বয়কট করে ফিরে যান গণমাধ্যমকর্মীরা।

ভুক্তভোগী সাংবাদিক সমকালকে বলেন, ‘এনসিপির হয়ে যারা এসেছিলেন, তারা কোনো নেতা নন। এ কারণে তাদের শনাক্ত করা যায়নি। তবে এই ঘটনায় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ও সামান্তা শারমিন এবং যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন ফোন করে দুঃখ প্রকাশ করেছেন।’
অভিযোগের বিষয়ে এনসিপির যুগ্ম সদস্য সচিব (গণমাধ্যম) মুশফিক উস সালেহীন বলেন, বিমানবন্দরে ঢাকা মহানগর উত্তরের কিছু নেতাকর্মী উপস্থিত ছিলেন। সেখানে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। দলের পক্ষ থেকে ইতোমধ্যে দোষীদের শনাক্ত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীন জানান, এনসিপির ঢাকা মহানগর উত্তরের দায়িত্বপ্রাপ্ত নেতাদের এ বিষয়ে খোঁজখবর নিতে বলা হয়েছে। দোষীদের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হবে, তা জানিয়ে দেওয়া হবে।

দুঃখ প্রকাশ
দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে, যা একই সঙ্গে দুঃখজনক ও নিন্দনীয়। ইতোমধ্যেই এ ঘটনায় সংশ্লিষ্ট সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন দলের নেতারা।

Facebook Comments Box

Posted ৫:৩৬ এএম | শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।