রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ছোট এপিসোড, টানটান গল্প আর নাটকীয়তার ‘মাইক্রো ড্রামায়’ মেতেছেন ভারতীয়রা

বিনোদন ডেস্ক   |   শনিবার, ০২ মে ২০২৬   |   প্রিন্ট   |   2 বার পঠিত

ছোট এপিসোড, টানটান গল্প আর নাটকীয়তার ‘মাইক্রো ড্রামায়’ মেতেছেন ভারতীয়রা

চীনে ‘দুয়ানজু’ নামে যে ক্ষুদে ড্রামার যাত্রা শুরু হয়েছিল, সেটিই এখন ঝড় তুলছে ভারতের বিনোদন দুনিয়ায়। ভারতে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে ‘মাইক্রো ড্রামা’ নামে নতুন এক বিনোদনধারা। মাত্র এক-দুই মিনিটের ছোট ছোট এপিসোড, কিন্তু টানটান গল্প আর নাটকীয়তা – এই দুইয়ের মিশেলেই দর্শকদের মন জয় করছে এই ড্রামা। তাছাড়া ব্যস্ত জীবনে ফাঁকা সময়ে মোবাইলেই সহজে দেখা যায় বলে এর জনপ্রিয়তাও বাড়ছে দ্রুত।

মাইক্রো-ড্রামার গল্পগুলো সাধারণত নাটকীয় ও অতিরঞ্জিত হয়ে থাকে যেখানে কখনো ধনী ব্যক্তি দরিদ্র সেজে থাকেন আবার কখনো বা অসম প্রেম, প্রতিশোধ – এমন চিরচেনা প্লটই বেশি দেখা যায়। তবে এর সহজ কাহিনী ও স্বল্পদৈর্ঘ্যই দর্শকদের বেশি আকৃষ্ট করছে। বর্তমানে ভারতে এর বাজারমূল্য প্রায় ৩০০ মিলিয়ন ডলার, যা ২০৩০ সালের মধ্যে ৪.৫ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

২০২৪ সাল থেকে ভারতে মাইক্রো-ড্রামার প্রসার শুরু হয়, যখন কুকু ও রিলিসের মতো স্টার্টআপগুলো সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে দর্শক টানতে শুরু করে। এখন বড় বড় মিডিয়া সংস্থাও এই খাতে বিনিয়োগ করছে। জি এন্টারটেইনমেন্ট ও বালাজি টেলিফিল্মস ইতোমধ্যে নতুন নতুন কনটেন্ট তৈরি শুরু করছে। মুকেশ আম্বানির মালিকানাধীন জিওস্টার ‘তড়কা’ নামে একটি প্ল্যাটফর্ম চালু করেছে, যেখানে এরকম শতাধিক ‘মাইক্রো-ড্রামা’ রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, কোভিড পরবর্তী সময়ে দর্শকদের অভ্যাস পরিবর্তনের কারণে এই ধারা জনপ্রিয় হয়েছে। টেলিভিশনের বদলে এখন মানুষ মোবাইলেই বেশি সময় কাটাচ্ছেন, আর সেই সুযোগটাই কাজে লাগাচ্ছে মাইক্রো-ড্রামা।

মাইক্রো-ড্রামা তৈরির খরচ তুলনামূলক কম। প্রায় ১০ থেকে ১৫ লাখ রুপিতে একটি সিরিজ তৈরি করা যায়। তবে দর্শকদের ধরে রাখা বড় চ্যালেঞ্জ। কয়েক সেকেন্ডের মধ্যে আকর্ষণ তৈরি করতে না পারলে দর্শক অন্য কনটেন্টে চলে যান। তাই প্রতিটি পর্বের শেষে রাখা হয় বিশেষ চমক।

তবে এই শিল্পের ভবিষ্যৎ নিয়ে মতভেদ রয়েছে। কেউ কেউ মনে করেন, শুধু বেশি সংখ্যক কনটেন্ট তৈরি নয়, বরং মানসম্মত ও মৌলিক গল্পই দীর্ঘমেয়াদে সাফল্য এনে দেবে। এই লক্ষ্যেই কিছু প্রতিষ্ঠান বাজেট বাড়িয়ে পরিচিত অভিনেতাদের যুক্ত করছেন।

সব মিলিয়ে, দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল বিনোদনের যুগে মাইক্রো-ড্রামা ভারতে একটি সম্ভাবনাময় শিল্প হিসেবে আত্মপ্রকাশ করছে। সূত্র: বিবিসি

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ১০:৩৯ এএম | শনিবার, ০২ মে ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।