নিজস্ব প্রতিবেদক | বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 271 বার পঠিত
অনুমিত ছিল, শাস্তি পাবেন আন্তোনিও রুডিগার। তা কতদিনের, তা নিয়েই ছিল আলোচনা। রিয়াল মাদ্রিদের জার্মান ডিফেন্ডার অবশ্য ভুলের জন্য ক্ষমা চেয়েছিলেন। লাভের লাভ কিছুই হয়নি। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) জানিয়েছে, রেফারির সঙ্গে সহিংস আচরণের দায়ে ৬ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন রুডিগার।
বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রে’র ফাইনালের ঘটনা। ম্যাচের একেবারে শেষ পর্যায়ে এমবাপের ফ্রি কিক না পাওয়ায় রেফারির দিকে তেড়ে যেতে দেখা যায় রুডিগারকে। এমনকি রেফারিকে লক্ষ্য করে কিছু একটা ছুঁড়ে মারা হয়েছে–এমন অভিযোগও এসেছে। স্প্যানিশ গণমাধ্যমের খবর, ডাগআউটে বক্সের মধ্যে থাকা বরফ ছুড়ে মারা হয়েছে রেফারিকে। ওই ঘটনায় রুডিগার শুনেছেন শাস্তি।
জার্মান ট্যাবলয়েড বিল্ড-এর সাবেক রেফারি টরস্টেন কিনহোফার চাচ্ছিলেন রুডিগারকে যেন জার্মান দলেও খেলতে দেওয়া না হয়। অবশ্য জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, স্পেনে ঘটা ওই ঘটনায় ব়ুডিগারের জার্মানির পক্ষে খেলায় প্রভাব ফেলবে না। ডিএফবি এর স্পোর্টিং ডিরেক্টর রুডি ফ্যোলার এক বিবৃতিতে জানিয়েছেন, ব়্যুডিগারকে নিষেধাজ্ঞা দেয়ার কোনো পরিকল্পনা তার অ্যাসোসিয়েশনের নেই।
তবে নিষেধাজ্ঞা অবশ্য এখনই কার্যকর হচ্ছে না রুডিগারের। জার্মান রক্ষণের তারকা শুনেছেন আরও বড় দুঃসংবাদ। হাঁটুতে অস্ত্রোপচার হওয়ায় দুই মাসের জন্য মাঠের বাইরে চলে যেতে হচ্ছে তাকে। মঙ্গলবার রুডিগারের হাঁটুতে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে রিয়াল মাদ্রিদ।
ইএসপিএনকে একটি সূত্র নিশ্চিত করেছে আগামী দুই মাস হয়তো রুডিগারের আর মাঠে নামা হচ্ছে না। লা লিগার এ মৌসুমে তার আর খেলা হচ্ছে না, ক্লাব বিশ্বকাপেও তার থাকা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
Posted ৮:৪৮ এএম | বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।