বাংলাদেশ ডেস্ক | রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 135 বার পঠিত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে শিক্ষা অধিকার সংসদ। একইসঙ্গে এ হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
আজ রোববার সকালে সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক এম নিয়াজ আসাদুল্লাহ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, জুলাই আন্দোলনের সংগঠক, নাগরিক অধিকারকর্মী ও তরুণ সমাজের কণ্ঠস্বর শরীফ ওসমান হাদির ওপর হামলা মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সরাসরি আঘাত। শিক্ষা অধিকার সংসদের একজন সক্রিয় সদস্য হিসেবে তিনি নাগরিক অধিকার ও শিক্ষা বিষয়ে সোচ্চার ভূমিকা রেখে আসছেন।
অধ্যাপক নিয়াজ আসাদুল্লাহ বলেন, শিক্ষায় বৈষম্য ও বঞ্চনার বিরুদ্ধে শরীফ ওসমান হাদির ধারাবাহিক অবস্থান তরুণ ও শিক্ষার্থীদের মধ্যে নাগরিক সচেতনতা, সমালোচনামূলক চিন্তা ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নিরাপদ, সহিংসতামুক্ত ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষাপরিবেশ নিশ্চিত করতেও তার অবদান উল্লেখযোগ্য ।
বিবৃতিতে উল্লেখ করা হয়, এমন এক সময়ে এই হামলা ঘটেছে, যখন দেশ নির্বাচনমুখী এবং শরীফ ওসমান হাদি নিজেও একটি আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচারণায় সক্রিয়। এই প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা রক্ষা, সুষ্ঠু নির্বাচনি পরিবেশ এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের—এমন প্রত্যাশা ব্যক্ত করে শিক্ষা অধিকার সংসদ।
সংগঠনটি অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি শরীফ ওসমান হাদির সর্বোচ্চ নিরাপত্তা ও প্রয়োজন হলে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সহিংসতার বিরুদ্ধে রাষ্ট্র ও সমাজের সব প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ ও সক্রিয় ভূমিকা পালনের অনুরোধ জানানো হয়। সবশেষে বিবৃতিতে শরীফ ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনা করা হয়।
Posted ৩:০২ পিএম | রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।