বিনোদন ডেস্ক | শনিবার, ০৯ মে ২০২৬ | প্রিন্ট | 3 বার পঠিত

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর গল্প ভাবনায় নির্মিত হয়েছে অনেক নাটক। তাঁর গল্পে প্রথম নাটক নির্মাণ করেন চয়নিকা চৌধুরী। ২০০৭ সালে প্রচার হয়েছিল ‘স্বপ্নের নীল পরী’ নামের নাটকটি। এরপর ‘এক টুকরো নীল’, ‘ভালোবাসার শুরু’, ‘ফিরে আসা’সহ বেশ কিছু নাটক তৈরি হয়েছে অপূর্বর গল্পে।
এবার অপূর্বর লেখা গল্পে নাটক পরিচালনা করলেন তানিম রহমান অংশু। নাম ‘অচেনা আমি’। শুধু গল্পই নয়, এই নাটকের চিত্রনাট্যও লিখেছেন অপূর্ব। নাটকে তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন নাজনীন নাহার নিহা। কোরবানি ঈদের দ্বিতীয় দিন ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে প্রচার হবে এটি।
নাটকের ফার্স্ট লুক পোস্টার শেয়ার করে সামাজিক মাধ্যমে অপূর্ব লেখেন, ‘সব চেহারাই কি চেনা? নাকি সব চেনা মানুষের আড়ালেও লুকিয়ে থাকে এক অচেনা আমি? ভালোবাসা আর আত্মপরিচয়ের এক অদ্ভুত সমীকরণ নিয়ে আসছি আমরা।’
অচেনা আমি নিয়ে নির্মাতা তানিম রহমান অংশু বলেন, ‘রোমান্টিক ঘরানার গল্পে নির্মিত হয়েছে নাটকটি। প্রেমের গল্পের পাশাপাশি গুরুত্ব পেয়েছে মানুষের জীবনের উপলব্ধি, থাকবে প্রিয়জনকে হারিয়ে খুঁজে পাওয়ার গল্প।’
অংশু বলেন, ‘অভিনয়ের পাশাপাশি গল্প বলার ক্ষেত্রেও অপূর্ব খুব ভালো। গল্পের সঙ্গে মিল রেখে চমৎকারভাবে সিকোয়েন্স সাজিয়েছে। অপূর্বর গল্পে যেমন বার্তা থাকে, তেমনি সিনেমাটিক একটা ভাইব থাকে। অচেনা আমি নাটকেও তেমন এক গল্প দেখবে দর্শক। এটি অপূর্বর করা দ্বিতীয় চিত্রনাট্য। ১০-১২ বছর আগে একটি টেলিফিল্ম পরিচালনা করেছিল অপূর্ব। সেই কাজটির চিত্রনাট্য করেছিল সে। পোস্ট প্রোডাকশনের সঙ্গে আমি ছিলাম। এত বছর পর আবার চিত্রনাট্য লিখল অপূর্ব। সেটি আমি পরিচালনা করছি। সব মিলিয়ে দারুণ অনুভূতি।’
Posted ১০:১৩ এএম | শনিবার, ০৯ মে ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।