মঙ্গলবার ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

লন্ডনে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকের অষ্টম সাধারণ সভা

কমিউনিটি-সংবাদ ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   151 বার পঠিত

লন্ডনে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকের অষ্টম সাধারণ সভা

যুক্তরাজ্যে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকে-এর অষ্টম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার পূর্ব লন্ডনের রিজেন্টস লেক ব্যাংকুয়েটিং হলে দিনব্যাপী এ আয়োজনে যুক্তরাজ্যে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফর রহমান। এতে সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি প্রশান্ত লাল দত্ত পুরকায়স্থ বিইএম। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এ. এফ. মেসবাহ উদ্দিন ইকো।

প্রবাসে থেকেও বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখার আহ্বান জানিয়ে মেয়র লুৎফর রহমান বলেন, ‘বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের অবিচ্ছেদ্য অংশ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়।’

তিনি বলেন, ‘আমাদের ঐতিহ্যের কথা স্মরণ রাখতে হবে এবং ব্রিটিশ সমাজের সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে। তবে ঐতিহ্য বিসর্জন দিয়ে বিলীন যেন না হয়। আমাদের সন্তানদেরও ঐতিহ্য রক্ষায় উদ্বুদ্ধ করতে হবে।’

মেয়র শিক্ষার প্রতি গুরুত্বারোপ করে বলেন, ‘আমাদের সন্তানদের একাডেমিক ও ভোকেশনাল শিক্ষায় সফল হতে হবে। তাহলেই আমরা শক্তিশালী বাংলাদেশি কমিউনিটি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারব।’

বিদায়ী সভাপতি প্রশান্ত দত্ত পুরকায়স্থ সকল সদস্যের ঐক্য ও ত্যাগের ভূয়সী প্রশংসা করেন এবং সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে ২০২৫–২৭ মেয়াদের জন্য নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। সভাপতি নির্বাচিত হন সিরাজুল বাসিত চৌধুরী, সাধারণ সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ কামরুল হাসান (এম. কিউ. হাসান) এবং কোষাধ্যক্ষ হিসেবে পুনর্নির্বাচিত হন সৈয়দ জাফর। বিদায়ী সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দিন ইকো, সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ব্যারিস্টার মোহাম্মদ আবুল কালাম ও সাবেক সভাপতি মারুফ আহমদ চৌধুরী সংগঠনের বৃত্তি কার্যক্রম ও ট্রাস্ট ফান্ড গঠনের অগ্রগতি তুলে ধরেন।

সভায় জানানো হয়, সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে আসছে। এ বছর ৫০ জন শিক্ষার্থীকে এককালীন বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে জনপ্রিয় শিল্পী ও সংগঠনের সদস্য সায়ীদ তারেক ও সায়ীদ জোবায়ের মঞ্চ মাতিয়ে রাখেন। সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক রীপা সুলতানা রাকীব-এর নেতৃত্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, যা পরিচালনা করেন ব্যারিস্টার মিজানুর রহমান, সৈয়দা ফারহানা সুবর্ণা এবং এরিনা সিদ্দিকী সুপ্রভা।

অ্যালামনাই পরিবারের সদস্যদের পক্ষ থেকে কবিতা আবৃত্তি করেন ড. হাসনীন চৌধুরী এবং সংগীত পরিবেশন করেন সৈয়দা তামান্না ইকবাল। শিশু শিল্পী প্রাপ্তি দেব সরকার নৃত্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন।

অনুষ্ঠানে অ্যালামনাই সংগঠনের পক্ষ থেকে প্রয়াত সদস্য রাজিয়া বেগম এবং সম্প্রতি প্রয়াত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথিতযশা কথাসাহিত্যিক ও অধ্যাপক ড. সৈয়দ মঞ্জুরুল ইসলাম, সাবেক উপাচার্য ও শিক্ষাবিদ ড. আরেফিন সিদ্দিকসহ অন্যান্য প্রয়াত শিক্ষক-শিক্ষিকা ও সংগঠনের প্রয়াত সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী এই সংগঠনের নির্বাচন প্রক্রিয়ায় চিফ ইলেকশন কমিশনার হিসেবে নেতৃত্ব দেন শাহগীর বখত ফারুক; তার সঙ্গে ইলেকশন কমিশনার ছিলেন দেওয়ান গৌস সুলতান ও ব্যারিস্টার নাজির উদ্দিন চৌধুরী।

সংগঠনের তরফ থেকে স্কলারশিপ ফান্ড সংগ্রহে নেতৃত্ব দেন প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও প্রাক্তন প্রেসিডেন্ট মারুফ চৌধুরী, ফাউন্ডার ট্রেজারার ব্যারিস্টার আবুল কালাম এবং সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন। সংগঠনের ভাইস-প্রেসিডেন্ট ও সাংবাদিক নিলুফা ইয়াসমিন প্রচারের দায়িত্ব পালন করেন, যার তত্ত্বাবধানে বিভিন্ন মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৫:৪৭ এএম | বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।