| শনিবার, ০১ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 84 বার পঠিত

কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্তের কাছে একটি জলভূমিতে দুই শিশুসহ আটজনের মরদেহ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছিল। পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএপি জানিয়েছে, শুক্রবার এসব মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় পুলিশ প্রধান দুলুদে এক সংবাদ সম্মেলেনে বলেন, দক্ষিণ-পূর্ব কানাডার আকওয়েসনে মোহাক সম্প্রদায়ের এক নিখোঁজ ব্যক্তির যুবে যাওয়া নৌকার কাছে এই মরদেহগুলো পাওয়া গেছে। প্রাথমিকভাবে জানা গেছে, মৃতদের মধ্যে দুই পরিবারের ছয়জন রয়েছে। এছাড়া কানাডার পাসপোর্টধারী রোমানিয়ান বংশোদ্ভুত একজন ভারতীয় নারী রয়েছেন। এদের মধ্যে তিন বছরের কম বয়সী এক শিশুও রয়েছে।
পুলিশ বলছে, এরা সবাই কানাডা থেকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করছিল বলে ধারণা করা হচ্ছে।
আদিবাসী অধ্যুষিত মোহাক অঞ্চলটি কানাডার কুইবেক ও অন্টারিও প্রদেশ থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পর্যন্ত বিস্তৃত।
স্থানীয় পুলিশের উপ-প্রধান লি অ্যান ও’ব্রায়েন বলেছেন, ডুবে যাওয়া নৌকাটি খুব ছোট ছিল এবং এটি বৃষ্টি ও প্রবল বাতাসসহ খারাপ আবহাওয়ার কবলে পড়ে ডুবে যায়। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহগুলোর ময়নাতদন্ত করতে মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি বলেছেন, এ ঘটনা সত্যি হৃদয়বিদারক।
অভিবাসীদের অ্যাকওয়েসনে সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের প্রবণতা বেড়েছে। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত এই সীমান্ত দিয়ে ৪৮টি পারাপারের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন লি অ্যান ও’ব্রায়েন। তিনি বলেছেন, দুই দেশের এই সীমান্তে সেন্ট লরেন্স নদী রয়েছে। নদী পার হয়ে যুক্তরাষ্ট্রের পাড়ে পৌঁছার পর তারা গাড়িতে করে নিউইয়র্কে যায়।
Posted ১০:৫১ এএম | শনিবার, ০১ এপ্রিল ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।