বুধবার ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

নির্বাচনে ৪% নারী প্রার্থী বিশাল ভারসাম্যহীন চিত্র

রাজনীতি ডেস্ক   |   মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   231 বার পঠিত

নির্বাচনে ৪% নারী প্রার্থী বিশাল ভারসাম্যহীন চিত্র

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী প্রার্থীর সংখ্যা নিয়ে উদ্বেগ জানিয়েছে নারী, মানবাধিকার ও উন্নয়নবিষয়ক ৭১টি সংগঠনের প্ল্যাটফর্ম ‘সামাজিক প্রতিরোধ কমিটি’। গতকাল সোমবার প্ল্যাটফর্মটি এক বিবৃতিতে বলেছে, এবার দুই হাজার ৫৬৮ প্রার্থীর (মনোনয়নপত্র জমা দেওয়ার হিসাবে) মধ্যে ১০৯ জন, অর্থাৎ ৪ দশমিক ২৪ শতাংশ নারী রয়েছেন। এটি নারী-পুরুষের সংখ্যার অনুপাতে বিশাল ভারসাম্যহীন চিত্র।

সামাজিক প্রতিরোধ কমিটি বলছে, অধিকাংশ রাজনৈতিক দল থেকে কোনো নারীকেই মনোনয়ন দেওয়া হয়নি। এমনকি যে রাজনৈতিক দল তাদের নেতৃত্বের ৪০ শতাংশ নারী বলে প্রকাশ্যে দাবি করেছে, তাদের দল থেকেও কোনো নারীকে মনোনয়ন দেওয়া হয়নি। যে ১০৯ জন নারী নির্বাচনে অংশ নিচ্ছেন, তাদের মধ্যে ৭২ জনকে বিভিন্ন রাজনৈতিক দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। বাকি ৩৭ জন স্বতন্ত্র প্রার্থী।
বিবৃতিতে বলা হয়, ক্ষমতার কাঠামোতে নারীর অংশগ্রহণ এখনও একটি বড় চ্যালেঞ্জ। একটি প্রতিকূল পরিবেশে প্রতিটি পদক্ষেপে লড়াই করে নারীকে রাজনৈতিক অঙ্গনে জায়গা করে নিতে হয়। অনেক বিধিনিষেধ ও চ্যালেঞ্জ সত্ত্বেও অর্থনীতি ও জাতীয় উন্নয়নে নারীর অংশগ্রহণ যতটা পরিবার, সমাজ ও রাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য হতে পেরেছে, রাজনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ রাজনৈতিক দলগুলোর কাছে ততটা গুরুত্ব পায়নি।

সমাজে নারীবিদ্বেষী সংস্কৃতি যেভাবে চলমান, সেখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নারীরা নির্বাচনে অংশগ্রহণে শঙ্কা বোধ করছেন দাবি করে বিবৃতিতে বলা হয়েছে, এটি সমাজে পুরুষতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির চিত্রের প্রতিফলন এবং একই সঙ্গে পুরুষতান্ত্রিক রাজনীতি টিকিয়ে রাখার একটি কৌশল।
নির্বাচন ও রাজনীতিতে নারীর দৃশ্যমান অংশগ্রহণের লক্ষ্যে সব রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে সামাজিক প্রতিরোধ কমিটি বলছে, একটি গণতান্ত্রিক, সমতাপূর্ণ সমাজ কাঠামো তৈরি করতে হলে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ এবং রাষ্ট্র পরিচালনায় নারীর সমঅংশীদারিত্ব নিশ্চিত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। এবার ৩০০ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ২ হাজার ৫৬৮ জন। গত ২৯ ডিসেম্বর প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার পরদিন যাচাই-বাছাই শুরু করেন রিটার্নিং কর্মকর্তারা। যাচাই-বাছাইয়ে ১ হাজার ৮৪২ প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়। এ ছাড়া ৭২৩ প্রার্থীর মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন।

Facebook Comments Box

Posted ৭:২৮ পিএম | মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।