বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 38 বার পঠিত

নিজের অজ্ঞাত ভুলের দায় স্বীকার করে অভিযোগকারী দেশের স্থানীয় আইন মেনে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে ইলন মাস্কের সংস্থা এক্স।
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) টুল গ্রোক ব্যবহার করে অশালীন ও আবেদনময়ী ছবি তৈরির যে অভিযোগ উঠেছিল, তার পরিপ্রেক্ষিতে এর দায়দায়িত্ব মেনে নিয়েছে সোশ্যাল এই প্ল্যাটফর্ম।
জানা গেছে, ইতোমধ্যে তিন হাজারের বেশি পোস্ট আর সাত শতাধিক অ্যাকাউন্ট ডিলিট করেছে এক্স। এই প্ল্যাটফর্মের অধীনে এআই চ্যাটবট গ্রোক ব্যবহার করে অশালীন ছবি ও ভিডিও তৈরির অভিযোগে হইচই পড়ে যায়।
আবেদনময়ী এসব ছবি এক্সের প্ল্যাটফর্মে ব্যাপক হারে ছড়াতে শুরু করে। উৎকণ্ঠা প্রকাশ করে এ নিয়ে কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়। সেই অভিযোগের চিঠিতে অশ্লীল কনটেন্ট রুখতে এক্স যে ব্যর্থ হয়েছে, তা উল্লেখ করা হয়। এসব অভিযোগের যথাযথ জবাব তলব করা হয় কর্তৃপক্ষের কাছে। ইতোমধ্যে এই চিঠির পরিপ্রেক্ষিতে ভুলের দায় স্বীকার করে নিয়েছে এক্স। গ্রোকের বিরুদ্ধে এমন অভিযোগের বিষয়ে কয়েকটি দেশের স্থানীয় সরকার সুষ্ঠু তদন্তের দাবি করেছে।
এতে বলা হয়, গ্রোককে এখন আর শুধু ‘নিউট্রাল প্ল্যাটফর্ম’ টুল হিসেবে বিবেচনার সুযোগ নেই; একে বিশেষ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করতে হবে। এটি এক ধরনের কনটেন্ট তৈরির মাধ্যম। এটি প্রধানত কৃত্রিম কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছে।
সাধারণত একজন মানুষ যেমন কনটেন্ট ক্রিয়েট করে, গ্রোকও ঠিক তেমনি কৃত্রিম পদ্ধতিতে কনটেন্ট তৈরি করে। ঘটনাটি সামনে আসার পর থেকেই বিশ্বের কয়েকটি দেশ গ্রোকের তৈরি অপত্তিকর কনটেন্ট নিয়ে নতুন করে জোরালো অভিযোগ করেছে।
অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ
বিশেষ করে অশালীন ও আবেদনময়ী কনটেন্ট নিয়ে অভিযোগ উঠেছে সবচেয়ে বেশি। ইন্দোনেশিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে এক্স ও গ্রোককে সাময়িক ব্লক করেছে। যুক্তরাষ্ট্রের কয়েকজন সিনেটর গুগল ও অ্যাপল কর্তৃপক্ষকে তাদের স্টোর থেকে এক্স ও গ্রোক অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নও এ ঘটনায় এক্সকে কড়া ভাষায় কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।
Posted ৬:০৯ পিএম | বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।