শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

আই ফোন-১৪: যেসব প্রত্যাশা পূরণ করবে

  |   শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   214 বার পঠিত

বুধবার (৭ সেপ্টেম্বর) রাতে আইফোন ফোর্টিন সিরিজ উন্মোচনের মধ্য দিয়ে ১৫ বছরে পদার্পণ করে অ্যাপলের আইফোন সিরিজ। এ উপলক্ষে ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্কের স্টিভ জবস থিয়েটারে আয়োজন করা হয় ‘ফারআউট’ ইভেন্ট। যেখানে অন্যান্য মডেলের সঙ্গে উন্মোচন হয় আইফোন ফোর্টিন ও আইফোন ফোর্টিন প্লাস।

প্রথম দেখায় আইফোন ফোর্টিন ও ফোর্টিন প্লাস দেখতে অনেকটা আগের ভার্সন আইফোন থার্টিনের মতো মনে হলেও নতুন এই মডেলগুলোতে কিছু পরিবর্তন এনেছে অ্যাপল। আইফোন ফোর্টিনে রয়েছে ৬ দশমিক ১ ইঞ্চি ডিসপ্লে। আইফোন ফোর্টিন প্লাসে রয়েছে ৬ দশমিক ৭ ইঞ্চি ডিসপ্লে।

আইফোন ফোর্টিন ও ফোর্টিন প্লাস উভয় মডেলেই রয়েছে এ ফিফটিন বায়োনিক চিপ। অবশ্য আইফোন থার্টিন প্রো এবং থার্টিন প্রো ম্যাক্সেও রয়েছে একই ধরনের চিপ। তবে অ্যাপল দাবি করেছে, নতুন আইফোন ফোর্টিন ও ফোর্টিন প্লাসের এ ফিফটিন বায়োনিক চিপ আইফোন থার্টিন প্রো এবং থার্টিন প্রো ম্যাক্সের ব্যবহৃত চিপের চেয়ে অন্তত ১৮ শতাংশ বেশি দ্রুতগতির।

শুধু আইফোন ফোর্টিন প্রো ও ফোর্টিন প্রো ম্যাক্সে থাকছে অ্যাপলের নতুন এ সিক্সটিন বায়োনিক চিপ।

আরও একটি জিনিস একটু ব্যতিক্রম। তা হলো, গত দুই বছর ধরে অ্যাপল তার আইফোনের মূল মডেলগুলোর একটি মিনি সংস্করণ বাজারে ছেড়ে এলেও বুধবারের ইভেন্টে আইফোন ফোর্টিনের কোনো মিনি ভার্সনের ঘোষণা দেয়া হয়নি।

ফটো ও ভিডিও পারফরম্যান্সের দিক থেকে উভয় ফোনেরই মূল ক্যামেরায় রয়েছে সবশেষ সংস্করণের ১২ মেগাপিক্সেল সেন্সর এবং প্রশস্ত লেন্স, যা স্বল্প আলোয় ছবি তোলার সময় আরও আলো টেনে নেয়ায় সক্ষম।

পাশাপাশি আইফোন ফোর্টিনের মডেলগুলোতে তোলা ছবি প্রসেসের জন্য ক্যামেরায় যোগ করা হয়েছে নতুন ফিচার ফোটোনিক ইঞ্জিন।
ভিডিও কোয়ালিটি আরও উন্নত করার জন্য যোগ করা হয়েছে নতুন ভিডিও স্ট্যাবিলাইজেশন মোড, যাকে অভিহিত করা হচ্ছে অ্যাকশন মোড নামে। এর ফলে চলন্ত অবস্থায় কিংবা হাঁটার সময় ধারণ করা ভিডিওর কোয়ালিটি হবে আরও সুন্দর ও স্মুথ।

উভয় মডেলেই ১২ মেগাপিক্সেল মূল ক্যামেরার পাশাপাশি ফ্রন্ট ক্যামেরায় থাকছে অটোফোকাস। পাশাপাশি এতে সংযুক্ত রয়েছে ক্র্যাশ ডিটেকশন প্রযুক্তি। এর ফলে ব্যবহারকারী সড়ক দুর্ঘটনায় আক্রান্ত হলে নিজে থেকেই জরুরি নম্বরগুলোতে নোটিফিকেশন দিতে পারবে আইফোন ফোর্টিন ও ফোর্টিন প্লাস। এ ছাড়া থাকছে স্যাটেলাইট সার্ভিসের মাধ্যমে জরুরি এসএমএস করার সুযোগ। এর ফলে ব্যবহারকারী ওয়াইফাই কিংবা মোবাইল নেটওয়ার্কের আওতার বাইরে থাকলেও স্যাটেলাইটের মাধ্যমে জরুরি বার্তা পাঠাতে পারবেন। তবে স্যাটেলাইট ফিচারের অপারেশন শুরু হবে আগামী নভেম্বর। ফোনটি কেনার পরবর্তী দুই বছরের জন্য বিনা মূল্যে এর সার্ভিস পাবেন গ্রাহকরা।

পাশাপাশি আইফোন ফোর্টিন ও ফোর্টিন প্লাস কাজ করবে অ্যাপলের নতুন স্মার্ট ওয়াচ অ্যাপল ওয়াচ সিরিজ এইট এবং এয়ারপড প্রো টু এয়ারবাডসের সঙ্গে।

দুটি ফোনই পাওয়া যাবে স্টারলাইট, মিডনাইট, ব্লু, পারপল এবং প্রোডাক্ট রেড–এই পাঁচটি রঙে।

প্রত্যাশা অনুযায়ীই অ্যাপল তাদের আইফোন ফোর্টিনের সব মডেলে ফিজিক্যাল সিম কার্ডের বদলে যোগ করেছে ই-সিম। উভয় ফোনে থাকছে ১২৮ জিবি, ২৫৬ জিবি ও ৫১২ জিবির তিনটি ভিন্ন ভিন্ন স্টোরেজ ক্যাপাসিটি।

আইফোন ফোর্টিনের ১২৮ জিবি ভার্সনের দাম পড়বে আইফোন থার্টিনের সমান অর্থাৎ ৭৯৯ ডলার। তবে ২৫৬ জিবির দাম পড়বে ৮৯৯ ডলার এবং ৫১২ জিবির মূল্য হবে ১০৯৯ ডলার।

অপরদিকে আইফোন ফোর্টিন প্লাসের ১২৮ জিবির দাম পড়বে ৮৯৯ ডলার, ২৫৬ জিবির ৯৯৯ ডলার এবং ৫১২ জিবির দাম হবে ১ হাজার ১৯৯ ডলার।

৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে উভয় মডেলেরই প্রি অর্ডার। আইফোন ফোর্টিন বাজারে আসবে ১৬ সেপ্টেম্বর এবং আইফোন ফোর্টিন প্লাস আসবে অক্টোবর মাসের সাত তারিখে।

Facebook Comments Box

Posted ৫:৩০ পিএম | শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

গোলাপ গ্রাম
(567 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।