ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 1 বার পঠিত

সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য, অসত্য তথ্য ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা ঠেকাতে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। একই সঙ্গে বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার রোধ এবং সঠিক তথ্য প্রচারে তরুণদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম বর্তমানে বিশ্বব্যাপী অত্যন্ত শক্তিশালী যোগাযোগমাধ্যম। এ মাধ্যমে অপপ্রচার, অসত্য তথ্য কিংবা বাংলাদেশের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা ছড়িয়ে পড়া ঠেকাতে সরকার কাজ করছে। পাশাপাশি জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, ফ্যাক্টচেকিং এবং মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন প্রতিরোধে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। এ কাজে শিক্ষার্থীদেরও সম্পৃক্ত হওয়ার সুযোগ রয়েছে।
ইয়াসের খান চৌধুরী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় কাজ করছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। গণমাধ্যম যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, সে পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের সঙ্গে নিয়মিত মতবিনিময় করা হচ্ছে।
দেশের সাংবাদিক ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বাড়াতে আন্তর্জাতিক সহযোগিতায় একটি প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিকভাবে পরিচিত একটি বিদেশি সম্প্রচারমাধ্যমের সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে। বাংলাদেশে প্রতিষ্ঠানটির উদ্যোগে প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠা করা সম্ভব কি না, তা নিয়ে কথা হয়েছে। উদ্যোগটি বাস্তবায়িত হলে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও কর্মরত সাংবাদিকেরা তিন থেকে ছয় মাস মেয়াদি প্রশিক্ষণের সুযোগ পাবেন।
তিনি বলেন, এক-দুই দিনের প্রশিক্ষণের পরিবর্তে আন্তর্জাতিক মানের দীর্ঘমেয়াদি ও হাতে-কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন। এতে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়বে এবং আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করার যোগ্যতা অর্জনের সুযোগ তৈরি হবে।
নিজের পেশাগত অভিজ্ঞতা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, রাজনীতিতে আসার আগে তিনি যুক্তরাজ্যের বিবিসির আইটি ও ব্রডকাস্টিং বিভাগে দায়িত্ব পালন করেছেন। এ অভিজ্ঞতা তাকে আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যমের কর্মপদ্ধতি ও পেশাগত মান সম্পর্কে ধারণা দিয়েছে।
বাংলাদেশের তরুণেরা যেন দেশি-বিদেশি গণমাধ্যমে গুরুত্বপূর্ণ অবস্থানে যেতে পারেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, তরুণেরা যে পেশাতেই যুক্ত হোন না কেন, দক্ষতা ও যোগ্যতার মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করে দেশের উন্নয়নে ভূমিকা রাখবেন—এটাই তার প্রত্যাশা।
মতবিনিময়কালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক গণমাধ্যম ও সাংবাদিকতা খাতে প্রয়োগভিত্তিক গবেষণায় শিক্ষার্থী ও শিক্ষকদের সম্পৃক্ত করার প্রস্তাব দেন। গণমাধ্যম ও সাংবাদিকতার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে বাস্তবসম্মত সমাধান খুঁজতে বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা কাজে লাগানোর পাশাপাশি মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।
এ সময় শিক্ষার্থীরা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং তথ্য অধিদফতরের (পিআইডি) বিভিন্ন কার্যক্রম পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরেন। সংবাদ পরিবেশন, তথ্য সংগ্রহ, গণমাধ্যমের কার্যক্রম ও সম্প্রচার ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন।
দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীরা জানান, মন্ত্রণালয় ও তথ্য অধিদফতর পরিদর্শনের মাধ্যমে গণমাধ্যমের এমন অনেক বাস্তব বিষয় সম্পর্কে জানতে পেরেছেন, যা শ্রেণিকক্ষের পাঠ থেকে জানা সম্ভব নয়। এ অভিজ্ঞতা ভবিষ্যৎ পেশাগত জীবনে সহায়ক হবে বলেও তারা আশা প্রকাশ করেন।
এ সময় শিক্ষার্থীরা সাংবাদিকতা ও গণমাধ্যম বিষয়ে গবেষণা, প্রশিক্ষণ এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিতে মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময়কালে প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Posted ৩:২৯ পিএম | মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।