জেলা প্রতিনিধি | বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 5 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দশম শ্রেণির এক কিশোরীকে উত্ত্যক্ত করার প্রতিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কিশোরীর পরিবারের পাঁচটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ছাড়া একটি নতুন মোটরসাইকেলে আগুন দেওয়ার অভিযোগ রয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, কাশিনগর এলাকার হুমায়ুন মিয়া ওরফে লক্ষীন্দরের ছেলে রাকিব দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে উত্ত্যক্ত করে আসছিলেন। একপর্যায়ে তিনি কিশোরীকে বিয়ের প্রস্তাব দিলে তার পরিবার তা প্রত্যাখ্যান করে। এ বিরোধের জেরে কিশোরীটির পড়াশোনা বন্ধ হয়ে যায় এবং সে পরীক্ষায় অংশ নিতে পারেনি বলে দাবি পরিবারের।
অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন বিকেলে কিশোরীর সঙ্গে দেখা করতে না পেরে রাকিব তাদের বাড়ির সামনের রাস্তায় গিয়ে গালিগালাজ শুরু করেন। কিশোরীর পরিবারের সদস্যরা এর প্রতিবাদ জানালে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, এর জেরে রাকিবের পরিবারের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের পাঁচটি বাড়িতে হামলা চালান। এ সময় বাড়িঘরে ভাঙচুরের পাশাপাশি নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়। একটি নতুন মোটরসাইকেলে আগুন দেওয়ার অভিযোগও করেছেন তাঁরা।
খবর পেয়ে বিজয়নগর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিঙ্গারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম ভূঁইয়া ও সিঙ্গারবিল বাজার কমিটির সাধারণ সম্পাদক মানিক মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাঁরা সংঘর্ষ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় অন্তত ১০ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) রাজিব চন্দ্র সরকার বলেন, “মেয়েঘটিত বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক আছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
Posted ৭:১১ এএম | বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।