ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য ভাইরাল, জিজ্ঞাসাবাদে সাবেক ওসি

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   12 বার পঠিত

শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য ভাইরাল, জিজ্ঞাসাবাদে সাবেক ওসি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বক্তব্যের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অডিও ছড়িয়ে পড়ার ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। কমিটির সদস্যরা রাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদ করছেন।

এর আগে প্রশাসনিক কারণে গত বৃহস্পতিবার তাকে ওএসডি করা হয়। ডিএমপি কমিশনারের কার্যালয়ের এক আদেশে রাকিবুল হাসানকে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

ডিএমপি কমিশনার মো. মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, ডিএমপিতে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. রাকিবুল হাসানকে প্রশাসনিক কারণে ১৭ সেপ্টেম্বর থেকে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হলো।

রাকিবুল হাসান ডিএমপির গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তার কথোপকথনের একটি অডিও ছড়িয়ে পড়ে।

ওই অডিওতে সরকার, প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ বাহিনী নিয়ে বিভিন্ন মন্তব্য করতে শোনা যায় তাকে। শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তাকে বলতে শোনা যায়, ‘শেখ হাসিনা ডিসেম্বরে আসতেছে, কিচ্ছু হবে না। আপনারা চিন্তাও করতে পারতেছেন না রাস্তার পুলিশ কত দুর্বল। ভয়ানক দুর্বল।’

অডিওতে আরও তাকে বলতে শোনা যায়, ‘আসা উচিত। ডিসেম্বর দেরি হয়ে গেছে, এই মাসেই আসা উচিত ছিল। চলে আসলে এই পুলিশ কিচ্ছুই করতে পারবে না।’

এ ছাড়া পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার বিষয়েও মন্তব্য করতে শোনা যায় তাকে। তিনি বলেন, ‘সিনিয়র অফিসার সব বিএনপি করতেছে। আমরা তো বিএনপি করতেছি না। সব সিনিয়ররা বিএনপি করতেছে, আমরা বিএনপি করতেছি না।’

অডিওতে আরও বলা হয়, ‘এই করার জন্য তো আমরা ডিপার্টমেন্টে আসি নাই। তোমরা খাবা-দাবা…, নিয়ে থাকবা, আর আমরা এখানে বসে বসে কাজ করব, তা তো হবে না।’

অডিওটির সত্যতা, বক্তব্যের প্রেক্ষাপট এবং ওই পুলিশ কর্মকর্তার কোনো বিভাগীয় বিধি লঙ্ঘন হয়েছে কি না—এসব বিষয় খতিয়ে দেখছে তদন্ত কমিটি।

Facebook Comments Box

Posted ২:১৪ এএম | শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।