বিশ্ব ডেস্ক | সোমবার, ১৫ জুন ২০২৬ | প্রিন্ট | 3 বার পঠিত

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা খাতে অনিয়ম ও বেকারত্বের প্রতিবাদে নিজেদের ডাকা বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে প্রকাশ্যে চড়-থাপ্পড়ের শিকার হয়েছেন ভারতের ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) এর প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে।
সোমবার রাজস্থানের জয়পুরে শহীদ স্মারকে আয়োজিত বিক্ষোভ চলাকালে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সমর্থকদের কাঁধে থাকা অবস্থায় দিপকের গলায় জড়ানো কাপড় ধরে টান দেন এক ব্যক্তি। পরে তিনি ও আরেকজন মিলে দিপককে একাধিকবার চড় ও আঘাত করেন।
ভিডিওতে আরও দেখা যায়, হামলার পর দিপকের সমর্থকেরা অভিযুক্ত ব্যক্তিদের ঘিরে ফেলেন এবং তাদের সরিয়ে নেওয়া হয়।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, সম্প্রতি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার নানা সমস্যার প্রতিবাদে আন্দোলন করছে ককরোচ জনতা পার্টি। গত ৬ জুন দিল্লিতে এক কর্মসূচি থেকে সংগঠনটি ঘোষণা দিয়েছিল, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।
সেই ঘোষণার ধারাবাহিকতায় জয়পুরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
হামলার ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অভিজিৎ দিপকে বলেন, শারীরিক হামলা ভয় ও ভীরুতার বহিঃপ্রকাশ। তবে এতে তাদের আন্দোলন থামবে না।
তিনি লেখেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কণ্ঠস্বর তুলে ধরতে থাকব। আমি গান্ধী ও আম্বেদকরের অনুসারী। শান্তি ও ভালোবাসার মাধ্যমেই এই লড়াই চালিয়ে যাব।’
একই সঙ্গে তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও পুনর্ব্যক্ত করেন।
জয়পুর পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ছয়জনকে আটক করা হয়েছে। তাদের পরিচয় ও হামলার উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।
বিদ্যায়কপুরী থানার এক কর্মকর্তা বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং হামলার পেছনের কারণ অনুসন্ধান করা হচ্ছে।
Posted ৭:১৯ পিএম | সোমবার, ১৫ জুন ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।