বিশ্ব ডেস্ক | বুধবার, ১৩ মে ২০২৬ | প্রিন্ট | 3 বার পঠিত

শেষ পর্যন্ত নন্দীগ্রাম আসন ছেড়ে ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভারতের সংবিধান অনুযায়ী একজন ব্যক্তি একসঙ্গে দুটি বিধানসভা আসনের বিধায়ক হিসেবে থাকতে পারেন না। ফলে নির্ধারিত সময়ের মধ্যেই একটি আসন ছাড়তে হয়।
সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে ভবানীপুর ও নন্দীগ্রাম, দুই কেন্দ্র থেকেই জয়ী হন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। পরে ভবানীপুর আসনটি নিজের কাছে রেখে নন্দীগ্রাম ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এর ফলে নন্দীগ্রাম আসনে উপনির্বাচনের সম্ভাবনা তৈরি হয়েছে।
অন্যদিকে আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর নওদা আসন থেকে বিধায়ক হিসেবে শপথ নেন। এবারের নির্বাচনে নওদার পাশাপাশি রেজিনগর আসন থেকেও জয়ী হয়েছিলেন তিনি। ফলে রেজিনগর আসনেও উপনির্বাচনের সম্ভাবনা তৈরি হয়েছে।
বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভার অ্যানেক্স ভবনে নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। দুই দিনব্যাপী এ কর্মসূচিতে মোট ২৯১ জন বিধায়কের শপথ গ্রহণের কথা রয়েছে। প্রথম দিন ভবানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবে সবার আগে শপথ নেন শুভেন্দু অধিকারী।
এরপর একে একে মন্ত্রী দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু ও নিশীথ প্রামাণিক শপথ নেন। শপথ বাক্য পাঠ করান প্রোটেম স্পিকার তাপস রায়।
এদিন কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার মোট ১৪৩ জন বিধায়ক শপথ গ্রহণ করেন। বিকেলে শপথ নেন বারুইপুর পশ্চিমের তৃণমূল বিধায়ক বিমান ব্যানার্জি এবং ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী।
বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার বিজয়ী বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে বিকেলে ভবানীপুরে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন যাত্রায় অংশ নেওয়ার কথা রয়েছে শুভেন্দু অধিকারীর। তিনি জানান, এটি কোনো বিজয় মিছিল নয়; সাধারণ মানুষের অসুবিধা এড়িয়ে সংযতভাবে কৃতজ্ঞতা প্রকাশ করা হবে।
এদিন মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার বিধানসভায় প্রবেশ করেন শুভেন্দু অধিকারী। তাকে কলকাতা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধা জানান তিনি। বিধানসভায় প্রবেশের আগে মূল ফটকের সামনে হাঁটু গেড়ে প্রণাম করতেও দেখা যায় তাকে।
শপথ অনুষ্ঠান শেষে নবান্নে গিয়ে ৪১টি মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক সংস্কার ও বিভিন্ন দপ্তরের কাজের গতি বাড়ানোর লক্ষ্যেই এ বৈঠক অনুষ্ঠিত হয়।
Posted ৬:১৪ পিএম | বুধবার, ১৩ মে ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।