মঙ্গলবার ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ঈদে প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডারের শাড়ি-থ্রিপিস পাচ্ছেন সব এমপি

জাতীয় ডেস্ক   |   রবিবার, ১৫ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   60 বার পঠিত

ঈদে প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডারের শাড়ি-থ্রিপিস পাচ্ছেন সব এমপি

ঈদুল ফিতর উপলক্ষে শাড়ি, থ্রিপিস ও হাজি রুমাল পাবেন দেশের সব আসনের সংসদ সদস্যরা (এমপি)। প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডার থেকে এ বরাদ্দ দেওয়া হচ্ছে। আজ রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্যদের হাতে এই চিঠি পৌঁছানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জানা যায়, ১০ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ত্রাণভান্ডার শাখা থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার-২ এস এম পারভেজের সই করা এই বরাদ্দপত্র জারি করা হয়। এরপর ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর দিন কিছু সংসদ সদস্যকে এ-সংক্রান্ত চিঠি দেওয়া হয়।

এমপিদের দেওয়া চিঠিতে বলা হয়েছে, ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডার থেকে সিনথেটিক শাড়ি, থ্রিপিস ও হাজি রুমাল আসনভিত্তিক বরাদ্দ করা হয়েছে। বরাদ্দ ত্রাণসামগ্রী জেলা প্রশাসক (ডিসি) এমপির পরামর্শে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার অসহায়, গরিব ও দুস্থ জনসাধারণের মাঝে বিতরণ ও হিসাব সংরক্ষণ করবেন। বিশেষ পরিস্থিতিতে ত্রাণসামগ্রী সংগ্রহ করার ক্ষেত্রে বিলম্বের আশঙ্কা থাকলে এমপি নিজ দায়িত্বে ত্রাণসামগ্রী সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে বিতরণ করতে পারবেন।

এই চিঠির অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব ও প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডারের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ (যুগ্ম সচিব) মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদী গতকাল রাতে বলেন, ১২ মার্চ সরকারদলীয় এমপিদের বরাদ্দের চিঠি দেওয়া হয়েছে। সময় স্বল্পতার কারণে বিরোধী দলের এমপিদের বরাদ্দের চিঠি দেওয়া সম্ভব হয়নি। আজ রোববার সংসদ অধিবেশনে সব আসনের এমপিদের বরাদ্দের চিঠি দেওয়া হবে। এমপিদের গ্রুপে চিঠি শেয়ার করা হবে বলে জানান তিনি। সিলেট-৫ আসনের এমপি মোহাম্মদ আবুল হাসানকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডার থেকে সিনথেটিক শাড়ি ৭০০ পিস, থ্রিপিস ১০০ পিস ও হাজি রুমাল ৫০ পিস বরাদ্দ করা হলো।

বিরোধী দলের এমপিদের সমালোচনা
এ বিষয়ে কুড়িগ্রাম-২ আসনের এমপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মোজাহিদ গতকাল রাতে বলেছেন, ১২ মার্চ সংসদে সরকারদলীয় এমপিদের এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু বিরোধীদলীয় এমপিদের চিঠি দেওয়া হয়নি। এরপর ফেসবুকে দেখলাম শুধু সরকারদলীয় এমপিদের নামের তালিকা-সংক্রান্ত একটি আদেশ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি শেয়ার করছেন। আমিও সেই আদেশ ফেসবুকে শেয়ার করেছি।

আতিকুর রহমান মোজাহিদ তাঁর ফেসবুকে লিখেছেন, “আমরা কি তাহলে ‘সবার আগে বাংলাদেশ’-এর পরিবর্তে ‘সবার আগে বিএনপি নীতিতে’ যাচ্ছি। স্লোগান কি শুধু রেটরিক হয়ে থাকবে? প্রধানমন্ত্রী কি শুধু ৫০% লোকের? আমাদের এলাকার মানুষ কি ট্যাক্স-ভ্যাট দেয় না? জাতি এই বৈষম্য মনে রাখে। দলীয় সরকারের মতো যদি শুধু দলীয় এমপিদের বরাদ্দ দেওয়া হয়। তবে আমরা কি আবার সেই বৈষম্যের পথেই হাঁটছি?”

ফেসবুকে অনেকে লিখেছেন, জামায়াত-এনসিপি এমপি বাদে, ঈদে শাড়ি-থ্রিপিস পাচ্ছেন বিএনপি জোটের ২১৫ এমপি।

সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদ তাঁর ফেসবুকে যে বরাদ্দপত্রটি শেয়ার করেছেন, সেখানে সরকারদলীয় ১৯ সংসদ সদস্যের বরাদ্দের তথ্য দেওয়া আছে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ (যুগ্ম সচিব) মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদী বলেন, সরকারি বা বিরোধী দল যাই হোক, সব এমপি এই বরাদ্দ পাবেন।

Facebook Comments Box

Posted ৪:৪৫ পিএম | রবিবার, ১৫ মার্চ ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(322 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।