জাতীয় ডেস্ক | সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 165 বার পঠিত
সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর সরকার গঠনের পথে বিএনপি। নতুন সরকারের সামনে রয়েছে নানা প্রত্যাশা, আছে চ্যালেঞ্জ। দলটির নির্বাচনী ইশতেহারে কৃষিকে অগ্রাধিকার দেওয়ায় মাঠ পর্যায়ে এই খাত ঘিরে বড় আশা তৈরি হয়েছে। কারণ কৃষি খাতকে মনে করা হয় বাংলাদেশের খাদ্য নিরাপত্তা, গ্রামীণ অর্থনীতি, কর্মসংস্থান এবং সামাজিক স্থিতিশীলতার মেরুদণ্ড।
বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক বিজয় যত বড়ই হোক, কৃষির বাস্তবতা আরও বড়। জমি কমছে, উৎপাদন খরচ ও আমদানি-নির্ভরতা বাড়ছে, ন্যায্যমূল্য অনিশ্চিত। বিএনপির ইশতেহারের অঙ্গীকার– কৃষক কার্ড, সরাসরি ভর্তুকি, সহজ ঋণ, কৃষি বীমা, বাজার সংস্কার যদি বাস্তবায়িত হয়, তাহলে কৃষিতে একটি কাঠামোগত পরিবর্তনের সুযোগ তৈরি হতে পারে। এ জন্য দরকার রাজনৈতিক সদিচ্ছা, বাজেট বরাদ্দ, জবাবদিহি এবং নীতির ধারাবাহিকতা।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ৯টি অগ্রাধিকারভিত্তিক লক্ষ্য সামনে রেখে ৫১ দফা ইশতেহার ঘোষণা করেন। দ্বিতীয় নম্বর অনুচ্ছেদেই রয়েছে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ। সেখানে ‘কৃষক কার্ড’ চালুর ঘোষণা দেওয়া হয়েছে, যার মাধ্যমে ভর্তুকি, সহজ শর্তে ঋণ, কৃষি বীমা এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বাজারজাতকরণ জোরদারের কথা বলা আছে। শুধু ফসল চাষি নয়; মৎস্য চাষি, খামারি এবং কৃষিনির্ভর ক্ষুদ্র উদ্যোক্তারাও এ সুবিধা পাবেন বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
বিশ্লেষকদের বড় প্রত্যাশা একটি পূর্ণাঙ্গ কৃষি সংস্কার কমিশন। ১৯৮৮ সালে ইউএনডিপি এবং বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে কৃষি খাতের পর্যালোচনা হয়েছিল। ১৯৯০ সালেও অর্থনৈতিক পর্যালোচনা হয়। সেই সুপারিশের ভিত্তিতে ১৯৯১-৯৬ মেয়াদে কৃষিতে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ে, সেচ সম্প্রসারণ হয়, সার ব্যবস্থাপনায় পরিবর্তন আসে। এরপর দীর্ঘ ৩৫ বছরে আর কোনো সমন্বিত জাতীয় কৃষি পর্যালোচনা হয়নি।
কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম বলেন, নতুন সরকারের প্রথম কাজ হওয়া উচিত কৃষি সংস্কার কমিশন গঠন। মাঠ পর্যায়ের বাস্তবতা, উৎপাদন কাঠামো, বাজার, আমদানি-নির্ভরতা পর্যালোচনা করে একটি পথনকশা দরকার। সরকারকে ডাল, তেলবীজ, মসলা, সবজি মিলিয়ে অন্তত ২০ ধরনের পণ্য সরাসরি কৃষকের কাছ থেকে কিনতে হবে। কমপক্ষে ২৫ শতাংশ লাভ নিশ্চিত করতে হবে। এ জন্য প্রয়োজন একটি মূল্য কমিশন।
অধ্যাপক এএইচএম সাইফুল ইসলাম মনে করেন, আমদানি-নির্ভরতা কমিয়ে স্বয়ংসম্পূর্ণতার দিকে না গেলে ভবিষ্যৎ ঝুঁকিতে পড়বে।
২০২৩-২৪ অর্থবছরে চাল ও গম আমদানিতে খরচ হয় ২০৬ কোটি ডলার। ২০২৪-২৫ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ২৩০ কোটি ৬০ লাখ ডলারে। ডালের আমদানিও ৩৪ শতাংশের বেশি বেড়েছে। বীজের বড় অংশ আমদানিনির্ভর। পাট বীজের ৭০ শতাংশের বেশি, ভুট্টার প্রায় ৯০ শতাংশ, সবজির ৬০ শতাংশ, তেলবীজ ও মসলার বীজের ৮০ শতাংশের বেশি আসে বিদেশ থেকে। কীটনাশকের ৯০ শতাংশ আমদানি করতে হয়। সেচযন্ত্রের ৮০ শতাংশই বিদেশি।
লাল তীর লাইভস্টক ডেভেলপমেন্ট লিমিটেডের নির্বাহী পরিচালক কাজী ইমদাদুল হক বলেন, বীজ গবেষণায় বিনিয়োগ বাড়াতে হবে। দেশে উৎপাদন না হওয়া ফসলের বীজ আমদানি করে গবেষণার মাধ্যমে নিজস্ব সক্ষমতা তৈরি করতে হবে।
কীটনাশকেও বড় বৈষম্য রয়েছে। আমদানি করা কীটনাশকে শুল্ক ৫ শতাংশ, কিন্তু দেশীয় উৎপাদকের কাঁচামাল আমদানিতে ৫৮ শতাংশ পর্যন্ত শুল্ক। বাংলাদেশ এগ্রো কেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, নীতিসহায়তা পেলে কীটনাশক শিল্প ওষুধ শিল্পের মতো এগোতে পারত। এখন আমদানি-নির্ভরতা ও কৃষকের খরচ বাড়ছে।
‘কৃষক কার্ড’ কি সরাসরি ভর্তুকি হিসেবে পৌঁছে দেওয়া যাবে? বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহ্দী আমিন বলেন, কৃষক কার্ডের মাধ্যমে সেচ, সার, বীজ, কীটনাশকের ভর্তুকি সরাসরি কৃষকের কাছে যাবে। কোল্ড স্টোরেজ ও সাপ্লাই চেইন উন্নত করা হবে। বাজার সংস্কারের মাধ্যমে মধ্যস্বত্বভোগী কমানো হবে।
এদিকে ২০৫০ সাল পর্যন্ত ২৫ বছর মেয়াদি কৃষি মহাপরিকল্পনা প্রণয়ন করেছে অন্তর্বর্তী সরকার। ‘ট্রান্সফরমিং বাংলাদেশ এগ্রিকালচার: আউটলুক ২০৫০’ শীর্ষক এ পরিকল্পনা নতুন সরকারের জন্য দিকনির্দেশনামূলক ভিত্তি হিসেবে কাজ করবে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। পরিকল্পনার লক্ষ্য টেকসই, জলবায়ু সহনশীল ও বাজারমুখী কৃষি গড়ে তোলা। মহাপরিকল্পনা প্রণয়নে দেশের ১৪ কৃষি অঞ্চলে পরামর্শ সভার মাধ্যমে কৃষকসহ অংশীজনের মতামত নেওয়া হয়। পরিকল্পনায় বাস্তবায়ন রূপরেখা, বিনিয়োগ কাঠামো ও অগ্রগতি পর্যবেক্ষণ ব্যবস্থাও অন্তর্ভুক্ত।
কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেন, লক্ষ্য শুধু তাৎক্ষণিক সমস্যা সমাধান নয়; ২০৫০ সাল পর্যন্ত কৃষি খাতের একটি সুস্পষ্ট ভিশন বাস্তবায়ন করা। তাঁর মতে, আগামী ২৫ বছরে কৃষির রূপান্তর দেশের খাদ্য নিরাপত্তা, গ্রামীণ উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশ খাদ্য নিরাপত্তা নেটওয়ার্কের (খানি) সাধারণ সম্পাদক নুরুল আলম মাসুদ বলেন, আগামী সরকারের কাছে কৃষি ও খাদ্য নিরাপত্তা সর্বোচ্চ জাতীয় অগ্রাধিকার হওয়া উচিত। উৎপাদন খরচ বাড়ানো, ন্যায্যমূল্যের অনিশ্চয়তা এবং জলবায়ু ঝুঁকি বর্তমানে কৃষকের প্রধান চ্যালেঞ্জ। সমন্বিত ও তথ্যভিত্তিক জাতীয় কৃষি রূপান্তর নীতি প্রণয়ন জরুরি। স্বচ্ছ কৃষক ডেটাবেজ, সরাসরি ভর্তুকি, শক্তিশালী বাজার সমবায় ও কৃষি প্রক্রিয়াজাত শিল্প সম্প্রসারণ কৃষকের আয় বাড়াবে। কার্যকর সরকারি ক্রয় ব্যবস্থা, ইউনিয়নভিত্তিক ক্রয়কেন্দ্র এবং আধুনিক সংরক্ষণ ও প্রক্রিয়াজাত অবকাঠামো খাদ্য অপচয় কমাবে এবং ন্যায্যমূল্য নিশ্চিত করবে। তিনি বলেন, ক্ষুদ্র কৃষকের জন্য সহজ অর্থায়ন, শস্য ও প্রাণিসম্পদ বীমা, জলবায়ু সহনশীল জাত এবং পানি সাশ্রয়ী সেচ ব্যবস্থা কৃষির স্থিতিস্থাপকতা জোরদার করবে।
Posted ২:১৪ পিএম | সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।